Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জ সীমান্তে কাঠ সংগ্রহ করতে গিয়ে গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

নিজস্ব প্রতিবেদক: |  ০১ জানুয়ারী, ২০২৩

প্রতীকী ছবি

সিলেটের কোম্পানীগঞ্জের ভারতীয় সীমান্ত এলাকা থেকে এক তরুণের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার ময়না তদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, সীমান্ত এলাকায় কাঠ সংগ্রহ করতে গিয়ে ভারতীয় খাসিদের গুলিতে তিনি মারা যান।

নিহত তরুণের নাম জৈন উদ্দিন (১৮)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বনপুর আদর্শ গ্রামের নূর মিয়ার ছেলে।

শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের কোম্পানীগঞ্জের উৎমা সীমান্ত এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এর আগে গত ২৫ ডিসেম্বর জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ি সীমান্ত এলাকা থেকে স্থানীয় মছদ্দর আলীর ছেলে আব্দুস সালামের লাশ উদ্ধার করে পুলিশ। তার মাথায় ও উরুতে গুলি ছিল।

স্থানীয় বিজিবি ক্যাম্প সূত্র জানায়, শনিবার বিকেলে উৎমা সীমান্তের ১২৫৭ নাম্বার মেইন পিলারের ৫ নম্বর সাবপিলার এলাকায় জৈন উদ্দিনসহ ৩-৪ জন লোক লাকড়ি সংগ্রহ করছিলেন। ওই সময় তাদের লক্ষ্য করে ওপারের ভারতীয় খাসিরা গুলি ছুঁড়ে। এতে জৈন উদ্দিনের ঘাড়ে ও পিঠে গুলি লাগে। তার সঙ্গের লোকজন পালিয়ে এলেও জৈন উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন।

উৎমা বিজিবি ক্যাম্প কমান্ডার মো. রফিক জানান, খাসিদের গুলিতে জৈন উদ্দিন মারা যান এবং তার সাথের তিন জন পালিয়ে আসেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানিয়েছেন, জৈন উদ্দিনের লাশ উদ্ধারের পর আজ সকালে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিকেলে ময়নাতদন্ত শেষে তার লাশ দাফনের কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.