Sylhet Today 24 PRINT

মাইক্রোবাসের ধাক্কায় এএসপির গাড়ি উল্টে আহত ৫

হবিগঞ্জ প্রতিনিধি |  ০২ জানুয়ারী, ২০২৩

হবিগঞ্জের মাধবপুরে টয়োটা নোহা মডেলের একটি মাইক্রোবাসের ধাক্কায় পুলিশের গাড়ি উল্টে এএসপি সহ পাঁচজন আহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বেজুড়া সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন- মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, চালক আবুল হোসেন, দেহরক্ষী টিটু বর্মন, কনষ্টেবল সুজন দাশ ও মাসুম আহমেদ।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, সোমবার সকালে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সরকারি কাজে হবিগঞ্জ যাওয়ার পথে বেজুড়া সেতুর কাছে ঢাকা অভিমুখী একটি মাইক্রোবাস পুলিশের গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে পুলিশের পিকআপ ভ্যানটি মহাসড়কের ওপর উল্টে যায়। এতে পুলিশের এএসপি সহ পাঁচজন আহত হন।

ওসি বলেন, আহত চারজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে এবং সহকারী পুলিশ সুপারকে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.