Sylhet Today 24 PRINT

শিশুদের ঝগড়ার জেরে বড়লেখায় টাইলস মিস্ত্রি খুন

বড়লেখা প্রতিনিধি |  ২৮ ডিসেম্বর, ২০১৫

বড়লেখায় দুই পরিবারের দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে সোমবার রাত সাতটায় প্রতিপক্ষের এক ব্যক্তির ছুরার আঘাতে খুন হলেন টাইলস মিস্ত্রি রাসেল আহমদ (২৫)। নিহত রাসেল উপজেলার সদর ইউপির ব্রাক্ষনগ্রামের বদরুল ইসলামের ছেলে। ঘটনার পর খুনি আব্দুল মালিক পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।    

হাসপাতাল ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দুই দিন আগে উপজেলার সদর ইউনিয়নের ব্রাক্ষণগ্রামের বদরুল ইসলামের ৯ বছরের শিশু পুত্রের সাথে প্রতিবেশী আব্দুল মালিকের ১২ বছরের বালক পুত্রের ঝগড়া হয়। এর জের ধরে সোমবার সকালে দুই শিশুর ঝগড়া বাধলে দুপক্ষের মহিলারা তাতে যোগ দেন। রাত সাড়ে ছয়টায় পুনরায় ঝগড়া বাধলে এক শিশুর বাবা আব্দুল মালিক অপর শিশুর ভাই রাসেল আহমদের পিটে, ঘাড়ে ও বুকে ছুরি দিয়ে উপর্যুপরি কুপ দেয়।

গুরুতর আহত অবস্থায় রাসেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.