Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের হাতাহাতি

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৮ ডিসেম্বর, ২০১৫

জগন্নাথপুরে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা পৌর শহরের ভবের বাজারে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, সোমবার সন্ধ্যা ৭ টার দিকে পৌর শহরের ভবের বাজারে আওয়ামীলীগের দলীয় মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফের সমর্থনে তাঁর সমর্থকরা মিছিল নিয়ে যান। এ সময় অপর দিক থেকে স্বতন্ত্র মেয়র প্রার্থী আলহাজ্ব শাহ নুরুল করিমের সমর্থনে আরেকটি মিছিল আসলে উভয় পক্ষের সমর্থকরা মুখোমুখি হলে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হুমায়ূন কবির জানান, পরিস্থিতি মেকাবেলায় নিরাপত্তা নিশ্চিত করতে ভবেরবাজার এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে স্বতন্ত্র মেয়র প্রার্থী আলহাজ্ব শাহ নুরুল করিম অভিযোগ করে বলেন, আওয়ামীলীগের মেয়র প্রার্থী আব্দুল মনাফের লোকজন ভবের বাজারে এসে স্থানীয় ভোটারদের সাথে করমর্দন করে খামের ভিতরে টাকা বিতরণ করছিলেন। এ সময় আমার সমর্থকরা তাদেরকে বাঁধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে আওয়ামীলীগের দলীয় মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফ বলেন, আমার কোন মন্তব্য নেই।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.