Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে বিস্ফোরক মামলায় জেলা বিএনপি ও ছাত্রদল নেতা কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি: |  ০৫ জানুয়ারী, ২০২৩

হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম এবং জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরানকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আফজল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১৬ নভেম্বর সন্ধ্যায় লাখাইয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হন। ঘটনার পর ওই দিন রাতেই লাখাই থানার এসআই ফজলে রাব্বী বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে ২৪৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার পর বিএনপি নেতারা হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ দুপুরে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলামের আদালতে ৪২ নেতাকর্মী জামিন আবেদন করেন। আদালত ৪০ জনের জামিন মঞ্জুর করেন। বাকি দুজনের জামিন নামঞ্জুর করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.