Sylhet Today 24 PRINT

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে দুই দিনব্যাপী অরিয়েন্টেশন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক |  ০৯ জানুয়ারী, ২০২৩

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে নবীন ৬৫ অনুষ্ঠান ঘোষক-ঘোষিকাকে নিয়ে দুই দিনের অরিয়েন্টেশন কর্মশালা শুরু হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) সকালে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক।

অডিশনের মাধ্যমে আসা এসব নবীন ঘোষক ঘোষিকাদের বেতারে অনুষ্ঠান ঘোষণার মৌলিক বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও বেতারের পরিচালক  আশরাফুল আলম। মহান স্বাধীনতা যুদ্ধে  অনন্য স্থানে আসীন বাংলাদেশ বেতার এর জনপ্রিয়তা এখনো স্ব মহিমায় ভাস্বর।


বাংলাদেশ বেতারের সিলেট আঞ্চলিক কেন্দ্রটি প্রতিষ্ঠা পায় ১৯৬৮ সালে। তারই ধারাবাহিকতায় এই অঞ্চলে শিল্প সংস্কৃতি আর বাচিক শিল্পে অনবদ্য অবদান রেখে চলেছে। এর পাশাপাশি খেলা, সংবাদ এবং বিনোদনেও বেতার জনপ্রিয় এক মাধ্যম।

সিলেট আঞ্চলিক কেন্দ্রে   মধ্যম তরঙ্গ ৯৬৩ কিলোহার্টজ, এফ এম ৮৮.৮ মেগাহার্টজ , এফএম ৯০ মেগাহার্টজ, এফএম ১০৫.২ মেগাহার্টজে প্রতিদিন কাজ করেন অন্তত ১৩ থেকে ১৫ জন অনুষ্ঠান ঘোষক ঘোষিকা।

এরই আলোকে ২০২২ সালে ৫ শতাধিক আবেদনকারীর মধ্যে অডিশনের মাধ্যমে ৬৫ জনকে নির্বাচন করা হয়। পরবর্তীতে  পুলিশ ভ্যারিফিকেশনের মাধ্যমে তাদের বেতারে নিযুক্ত করা হয়।

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ তারিক জানান, দুই দিনব্যাপী এই কর্মশালায় উচ্চারণ বিষয়ক জ্ঞান এবং বেতারে কার্যক্রম সম্পর্কে ধারনা দেয়া হচ্ছে। চলতি মাস থেকেউ নবনিযুক্তরা অনুষ্ঠান ঘোষক হিসেবে কাজ শুরু করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.