Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে বাড়িতে ফাঁদ পেতে মেছো বিড়ালের শাবক আটক

জগন্নাথপুর প্রতিনিধি: |  ১০ জানুয়ারী, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার কেশবপুর এলাকা থেকে মেছো বিড়ালের একটি শাবক আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে একটি বাড়িতে ফাঁদ পেতে শাবকটিকে ধরা হয়। 

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে পৌরসভার কেশবপুর গ্রামে গীতিকবি রাধারমণ দত্তের সমাধি মন্দিরের বাড়িতে বসবাসকারী নন্দলাল দাসের হাঁস-মুরগির ঘরে মেছো বিড়ালের শাবকটি ঢুকে পড়ে। সেখানে গেলে নন্দ দাসকে কামড়ে দিয়ে শাবকটি পালিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে গত শনিবার বাড়িতে আসেন নন্দলাল। তিনি শাবকটি ধরতে ফাঁদ পেতে রাখেন। আজ মঙ্গলবার ভোরে শাবকটি ফাঁদে আটকা পড়ে। স্থানীয় লোকজন শাবকটিকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছেন।

নন্দ দাস বলেন, ‘শিয়াল মনে করে আমি মেছো বাঘের শাবকটি তাড়াতে গিয়েছিলাম। সেটি আমাকে কামড়ে জখম করে। আমার স্ত্রী লাঠি দিয়ে আঘাত করলে শাবকটি পালিয়ে যায়। আমার শরীরে বিভিন্ন জায়গায় সাতটি সেলাই দিতে হয়েছে।’

সুনামগঞ্জ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা চয়ন ব্রত চৌধুরী আজ বেলা তিনটার দিকে বলেন, ‘আটক শাবকটির ছবি দেখেছি। এটি মেছো বাঘ বা মেছো বিড়াল হিসেবে পরিচিত। এটি খাবারের সন্ধানে লোকালয়ে গিয়ে আটকা পড়েছে। খবর পেয়ে আমরা রওনা দিয়েছি। শাবকটি বনে অবমুক্ত করা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.