Sylhet Today 24 PRINT

আদালত প্রাঙ্গণে আসামির মাথা ফাটিয়ে বাদীসহ ২ জন কারাগারে

বড়লেখা প্রতিনিধি: |  ১০ জানুয়ারী, ২০২৩

মৌলভীবাজারের বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী সাইদুল ইসলাম মাথা ফাটিয়ে রক্তাক্ত করেছেন আসামি ফারুক আহমদকে।

পুলিশ হামলাকারী বাদী ও আহত আসামির ভাই আলাউদ্দিনকে আটক করে আদালতে সোপর্দ করেছে।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক থানার ওসিকে তাদের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার দুপুরে আদালত প্রাঙ্গণে এই ঘটনাটি ঘটেছে।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার চান্দগ্রাম দক্ষিণ জিনাত গ্রামের সাইদুল ইসলাম জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের আলাউদ্দিন, আজিজুর রহমান, জুবের আহমদ, রাজু আহমদ, ফারুক আহমদ প্রমুখকে আসামি করে থানায় মামলা করেন। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। মঙ্গলবার ধার্য তারিখে বাদি-বিবাদী বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে যায়। হাজিরা দরখাস্ত জমা দিয়ে আদালত প্রাঙ্গণে মামলার ডাকপড়ার অপেক্ষাকালিন পাশের হোটেলের সম্মুখে দাঁড়িয়ে চা পান করছিলেন আসামি ফারুক আহমদ। এসময় বাদী সাইদুল ইসলাম স্বাক্ষীদের নিয়ে মামলা আপসের চাপপ্রয়োগ করেন। এতে ফারুক আহমদ আপত্তি করায় হাতের কাপ কেড়ে নিয়ে মাথায় আঘাত করলে মাথা ফেটে তার রক্তাক্ত জখম হয়। ফারুক আহমদকে বাঁচাতে গিয়ে অপর আসামি তার ভাই আলাউদ্দিন বাদী সাইদুল ইসলামকে চড়থাপ্পড় মারেন। এঘটনায় আদালত পুলিশ বাদী সাইদুল ইসলাম ও আসামি আলাউদ্দিনকে আটক করে আদালতে সোপর্দ করেছে।

আদালত পুলিশের জিআরও পিযুষ কান্তি দাস জানান, আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় বিজ্ঞ আদালত থানার ওসি স্যারকে আটক সাইদুল ইসলাম ও আলাউদ্দনের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.