নিজস্ব প্রতিবেদক | ২৯ ডিসেম্বর, ২০১৫
প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেছেন তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশে রীতিমত বিপ্লব চলছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) থেকে শুরু হওয়া ৫ দিনব্যাপী তথ্য প্রযুক্তি বিষয়ক প্রদর্শনী ‘আইসিটি এক্সপো সিলেট ২০১৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, তথ্য প্রযুক্তির প্রতিটি শাখায় দেশিয় উদ্যোক্তারা বাংলাদেশে বিপ্লব সাধিত করছেন, এই ধারা অব্যাহত থাকলে এই খাত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করবে বাংলাদেশ"।
তিনি বলেন "যুব সমাজকে ইনফরমেশন টেকনোলোজির সাথে সম্পৃক্ত রাখতে সরকারের এই উদ্যোগ। প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্যপ্রযুক্তি বিস্তারে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।"
বাংলাদেশ কম্পিউটার সমিতি ও দি সিলেট চেম্বার অব কমার্সের যৌথ উদ্যোগে সিলেট মোহম্মদ আলী জিমনেশিয়ামে এই কর্মসূচি আগামী পাঁচ দিন ব্যাপী সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
এসময় আরও উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখার চেয়ারম্যান এনামূল কুদ্দুছ চৌধুরী, চেম্বার সভাপতি সালাহউদ্দিন আলী আহমদ সহ অন্যান্যরা।
আয়োজকেরা জানান প্রদর্শনীতে সেমিনার, ফ্রি ইন্টারনেট গেমিং, চিত্র গ্রহণ প্রতিযোগিতা, সেল্ফি কনটেস্টসহ নানা আয়োজন রয়েছে।। ‘আইটি এক্সপো সিলেট ২০১৫’ এর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে যমুনা টেলিভিশন।