Sylhet Today 24 PRINT

শাবি শিক্ষক সমিতি নির্বাচন: শিক্ষকদের স্বার্থে কাজ করার আশ্বাস ৪ প্যানেলের

শাবিপ্রবি প্রতিনিধি |  ১৭ জানুয়ারী, ২০২৩

বুধবার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন-২০২৩। নির্বাচনে জয়ী হলে শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করতে আগ্রহী ৪ প্যানেলের পদপ্রার্থীরা।

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল থেকে নির্বাচনী প্রচারণায় ব্যস্থ সময় পার করেছেন পদ প্রত্যাশীরা বিভিন্ন প্যানেলের শিক্ষকরা। এতে সব শিক্ষকদের কাছে নিজেদের অনুনয়-বিনয় জানিয়ে তাদের প্রত্যাশার কথা জানিয়ে ভোট চেয়ে নিচ্ছেন পদপ্রার্থীরা।

এ বিষয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ প্যানেলের সভাপতি পদপ্রার্থী ড. সৈয়দ শামসুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি, ছাত্র-শিক্ষক সম্পর্ক, শিক্ষকদের পি.এইচ.ডি. ইনক্রিমেন্ট চালু, শিক্ষকদের পি.এফ. ফান্ডের মুনাফার হার বৃদ্ধি, আবাসন সুবিধা গ্রহণ, প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষাপদ্ধতিতে শিক্ষার্থী ভর্তিসহ শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সকলের সাথে একযোগে কাজ করতে চাই। ভোটের বিষয়ে শিক্ষকরা আমাদের আশ্বস্ত করেছে।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্থিতিশীল রাখা, পড়াশোনার পরিবেশ ঠিক রেখে শিক্ষকদের প্রমোশন, বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও আদর্শিক জায়গাগুলো নিয়ে আমরা কাজ করবো। আমরা শিক্ষকদের ভালো সাড়া পাচ্ছি, আশা করছি তারা সৎ, যোগ্য ও গ্রহযোগ্য প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করবেন ভোটাররা।

মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশী জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক গ্রুপের সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ড. মো. আব্দুর রহিম বলেন, শিক্ষা গবেষণা বিশেষত তরুণ শিক্ষকদের মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে আর্থিক সহায়তা নিশ্চিতকরণে ও সকল শিক্ষকদের অধিকতর স্বার্থ সংরক্ষণে কাজ করতে আমরা আগ্রহী। আশা করছি সকলের সুচিন্তিত রায় আমরা পাবো।

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ প্যানেলের সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ড. মো. কবীর হোসেন, বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীল পরিবেশ বজায় রেখে শিক্ষার্থীদের গুণগত লেখা-পড়ার নিশ্চিত করা, ছাত্র-শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স সেবা, ব্লাড ও ইউরিন পরীক্ষা, আবাসন ডাক্তারের ব্যবস্থার করা, যারা গবেষণা করে তারা যাতে আরো মূল্যায়িত হয় সে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করবো। এছাড়া চলমান উন্নয়ন প্রকল্পের ধারাবাহিক বজায় রেখে শিক্ষকদের স্বার্থ বিষয় নিয়ে প্রশাসনের সাথে একযোগে কাজ করতে চাই।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হাওলাদার বলেন, আগামীকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শিক্ষক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনে ৫৬০ জন শিক্ষকের মধ্যে বর্তমানে ৪২৪ জন বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। এবারের নির্বাচনে ৪টি প্যানেল অংশ নিচ্ছে। এবার ১১ পদের বিপরীতে চার প্যানেলে ৪৪ জন প্রার্থী অংশ নিচ্ছেন। ইতিমধ্যে আমরা নির্বাচনের সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছি।

নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রশিদ, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের অধ্যাপক ড. এবিএম আবদুল মালেক, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহম্মদ শহিদুল হক এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের অধ্যাপক ড. আহমদ সায়েম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.