Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে ভবনে রং করতে গিয়ে পড়ে আহত শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ১৮ জানুয়ারী, ২০২৩

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দোতলা ভবন থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত নাঈম আহমেদ (২০) সিলেট সদর উপজেলার ইনাতাবাদ গ্রামের মো. ওয়াতির আলীর ছেলে।

বুধবার সকাল সাড়ে সাতটার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাঈমের মৃত্যু হয়। এর আগে গত সোমবার দুপুরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের দেওয়া তথ্যে জানা গেছে, নাঈম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে রং দেওয়ার কাজ করছিলেন। এ সময় দোতলা ভবন থেকে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এবং পরে সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।

নাঈম আহমেদের চাচা ইমরান আহমেদ বলেন, ভবন থেকে পড়ে যাওয়ার পর নাঈমের মাথা ও চোয়ালে গুরুতর আঘাত লেগে রক্তক্ষরণ হয়। এ ছাড়া হাত ভেঙে যায়।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক জুয়েল চৌধুরী মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালেই আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.