Sylhet Today 24 PRINT

‘দরং বিলে’ আহা কী আনন্দ!

জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ  |  ২৯ ডিসেম্বর, ২০১৫

ভরাট, দখলসহ নানা কারণে কমে যাচ্ছে নদ-নদী, খাল-বিল, একে একে বিলীন হচ্ছে দেশীয় মাছের উৎসগুলো। হারিয়ে যাচ্ছে প্রাচীন ঐতিহ্য ‘পলো বাওয়া’ উৎসব। কিন্তু এরপরও থেমে নেই সেই চীর চেনা মাছ ধরা উৎসব।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) হয়ে গেল সিলেটের বিশ্বনাথের গোয়াহরি গ্রামের পশ্চিমের দরং বিলে ‘পলো বাওয়া’র উৎসব, আহা কী আনন্দ! ওই বিলকে ঘিরে সেই দুইশ’ বছরের পুরনো ঐতিহ্য আজো লালন করছেন গোয়াহরিসহ আশপাশ এলাকার বাসিন্দারা।

সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মাছ ধরায় মেতেছিলেন ছেলে বুড়ো সকলে। তাদের ওই মাছ ধরা উৎসব জানিয়ে দিলো এক সময়ের বহুল প্রচলিত মাছ ধরার উৎসবও হারিয়ে যায়নি।

প্রতি বছর প্রবাসী, এলাকাবাসী ও সৌখীন লোকজন ওই বিলে ‘পলো বাইছ’ উৎসবের অপেক্ষায় থাকেন। এবারও এর ব্যতিক্রম হয়নি, তাদের আত্মীয় স্বজনসহ প্রবাসীরাও এ উৎসবে সামিল হতে দেশে এসেছেন। ছেলে, বুড়ো সকলের সঙ্গে তারাও (প্রবাসীরা) দেশীয় পলো, জাল, ঠেলা জাল, হাতা জাল ইত্যাদি নিয়ে মাছ ধরায় মেতেছিলেন। অন্য বছরের মতো এবার অধিক মাছ শিকার না হলেও কেউ কেউ বোয়াল, ষোল, গজার, কার্পুসহ বিভিন্ন জাতের মাছ শিকার করেছেন। আবার অনেকেই নিরাশ হয়ে বাড়ি ফিরেছেন।     

স্থানীয় ইউপি সদস্য গোলাম হোসেন ও গোয়াহরি গ্রামের ইকবাল হোসেন বলেন, এটা আমাদের এলাকার একটি পুরনো ঐতিহ্য। প্রতিবছর উৎসবের মাধ্যমে পলো দিয়ে মাছ শিকার করা হয়। তবে এবছর বিলে অন্য বছরের মতো মাছ নেই।

যুক্তরাজ্য প্রবাসী আবুল বশর বলেন, আমি বউত দিনে (অনেকদিন পর) বাড়িত আইছি (বাড়ি ফিরেছি)। মাছ মারা (মাছ ধরা) আমরার খুব ভালা-ওউ (খুবই ভালো) লাগে। কিন্তু ই-বার (এবছর) মাছ মারতাম (মাছ ধরতে) পারলামনা (পারিনি), খষ্ট (কষ্ট) ফাইলাম (পেয়েছি)। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.