Sylhet Today 24 PRINT

নগরীতে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দুই যুবকের দৌড়, একজনকে ধরে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক: |  ২২ জানুয়ারী, ২০২৩

সিলেট নগরীর লালবাজারে এক বীর মুক্তিযোদ্ধাকে কম দামে ডলার কিনে দেওয়ার আশ্বাস দিয়ে চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময় এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। তবে তাৎক্ষণিক ওই যুবকের কাছ থেকে টাকা উদ্ধার করা যায়নি।

রোববার সকালে এ ঘটনা ঘটে। প্রতারণার শিকার বীর মুক্তিযোদ্ধার নাম গৌরাঙ্গ দেব গোপাল। তিনি সিলেট নগরীর শিববাড়ি এলাকার বাসিন্দা। তার মূল বাড়ি মৌলভীবাজারের কুলাউরা উপজেলার পৃথ্বিমপাশা এলাকায়। আটক যুবকের নাম আসাদ মিয়া মল্লিক। তিনি গোপালগঞ্জের মুকসুদপুরের আবদিয়া গ্রামের আসমত মল্লিকের ছেলে।

বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ জানিয়েছেন, তিনি তার স্ত্রীকে নিয়ে ভারতে তীর্থে যাওয়ার জন্য ডলার কেনার চেষ্টা করছিলেন। বৃহস্পতিবার আম্বরখানার সোনালি ব্যাংকের পাশের মানি এক্সচেঞ্জগুলোতে ডলারের দাম বেশি হওয়ায় কেনেননি। ওই সময় আসাদ মিয়া তাকে কম দামে ডলার কিনে দেওয়ার আশ্বাস দেয়। সকালে তিনি চার লাখ টাকা নিয়ে নগরীর লালবাজার এলাকায় আসাদের সাথে দেখা করেন।

পুলিশ জানিয়েছে, জাল ডলার দেখিয়ে আসাদ গৌরাঙ্গ দেবকে তার কাছে ডলার আছে বলে আশ্বস্ত করেন। এ সময় গৌরাঙ্গ দেব ৪ লাখ টাকা বের করলে আসাদ ও তার সাথে থাকা আরেক যুবক টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। গৌরাঙ্গ তখন হতভম্ব হয়ে পড়েন। তাৎক্ষণিক মোটরসাইকেল আরোহী এক ব্যক্তির সহযোগিতায় আসাদকে ধাওয়া করেন তিনি। প্রায় অর্ধ কিলোমিটার দূরে জিন্দাবাজার এলাকায় ধাওয়া করে নিয়ে আসলে আসাদ হোচট খেয়ে পড়ে যান। তখন গৌরাঙ্গের চিৎকার শুনে লোকজন আসাদকে আটক করে গণধোলাই দেয়।

আসাদকে জনতার হাত থেকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে উল্লেখ করে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, তিনি প্রতারণা করে বীর মুক্তিযোদ্ধার টাকা হাতিয়ে নিয়েছেন। আসাদের কাছ থেকে জাল ডলার উদ্ধার করা হয়েছে। তার সাথের ব্যক্তিকে আটক করলে টাকা উদ্ধার করা যাবে। তাকে আটকের চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.