Sylhet Today 24 PRINT

সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জানুয়ারী, ২০২৩

মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে ধর্মঘট স্থগিতের বিষয়টি জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মঈনুল ইসলাম জানান, প্রশাসনের আশ্বাসে এবং কেন্দ্রীয় শ্রমিক নেতাদের নির্দেশনায় পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। এখন থেকেই যানবাহন চলাচল শুরু হবে।

এর আগে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের মুক্তির দাবিতে গতকাল রোববার ধর্মঘটের ডাক দেওয়া হয়। আজ সোমবার সকাল থেকে শুরু হয় ধর্মঘট।

আজ সিলেট জেলায় এবং কাল থেকে গোটা বিভাগে এই ধর্মঘট শুরু হওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, আলী আকবর রাজন শ্রমিক নেতা হলেও তিনি রাজনীতির সঙ্গে জড়িত। রাজন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। গত ৭ ডিসেম্বর সিলেট নগরীর সুরমা মার্কেট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় আলী আকবর রাজনের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা ছিল। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.