Sylhet Today 24 PRINT

শীত আর কুয়াশা উপেক্ষা করে গোলাপগঞ্জে ভোটারদের দীর্ঘ লাইন

মারূফ অমিত, গোলাপগঞ্জ থেকে |  ৩০ ডিসেম্বর, ২০১৫

তীব্র শীত ও ঘন কুয়াশাকে উপেক্ষা করে গোলাপগঞ্জে সকাল থেকেই ভোট কেন্দ্রে উপস্থিত হচ্ছেন ভোটাররা। সকাল ৮ টায় ভোট শুরুর সময় থেকেই এই পৌরসভার কয়েকটি ভোট কেন্দ্রে দীর্ঘ লাইন দেখা যায়। 

গোলাপগঞ্জের এমসি একাডেমি ভোট কেন্দ্রে নারী ও পুরুষদের জন্য পৃথক চারটি বুথে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

চারটি বুথের সামনেই সারিবদ্ধ ভাবে ভোটারদের দাঁড়িয়ে দেখা যায়। এই কেন্দ্রে মোট দুই হাজার ছত্রিশ জন ভোটার রয়েছেন। 

সকাল সাড়ে আটটায় এমসি একাডেমিতে কথা হয় পৌরসভার রিটার্নিং কর্মকর্তা আজিজুল ইসলামের সাথে।

তিনি জানান, এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। সকালেই প্রচুর সংখ্যক ভোটার ভোট কেন্দ্রে হাজির হয়েছেন। কোথাও কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায় নি।

একই ভোট কেন্দ্রে কথা হয় সিলেটের সহকারী পুলিশ সুপার নুরুল ইসলামের সাথে। তিনি জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি,র‍্যাব ও আনসার সদস্যরা পুরো পৌর এলাকায় নিয়োজিত রয়েছেন।

এখন পর্যন্ত শান্তিপুর্ন ভাবে ভোট প্রদান করতে পারছেন বলে জানিয়েছেন বেশ কয়েকজন ভোটার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.