Sylhet Today 24 PRINT

জেলা প্রশাসক ইশরাত জাহানের হাত ধরে এগিয়ে যাচ্ছে চা শ্রমিকের সন্তানরা

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৯ ফেব্রুয়ারী, ২০২৩

মা-বাবাদের সচেতনতার অভাব আর সন্তানদের জন্মনিবন্ধন করতে না পারায় স্কুলে ভর্তি হতে পারছিল না হবিগঞ্জের চা শ্রমিক সন্তানরা। যে কারণে অন্যান্য বছর জেলার ৩৫ থেকে ৪৫ শতাংশের বেশি চা শ্রমিক সন্তান প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়নি। আবার বিদ্যালয়ে ভর্তি এবং  ঝরে পড়ার হার ও ছিল অনেক বেশি।

চা শ্রমিক শিশুদের স্কুলমুখী করতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। যার ফলে চলতি বছর শিশু ভর্তির হার দাঁড়িয়েছে ৯৮ শতাংশ।

জানা যায়, হবিগঞ্জ জেলায় ২৪টি চা বাগান রয়েছে। এসব চা বাগানের শিশুরা নানা কারণে বছরের পর বছর শিক্ষা থেকে বঞ্চিত হয়ে আসছে। সকল চা বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। বাগান কর্তৃপক্ষের দেয়া বিদ্যালয়গুলোতেও ছিল নানা সমস্যা। সেই সাথে চা শ্রমিকরা তাদের সন্তানদের শিক্ষার বিষয়ে অসচেতন হওয়ায় অধিকাংশ শিশু স্কুলে ভর্তি হতো না।

প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য বলছে, জেলায় ২৪টি চা বাগানের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে মাত্র ৪টিতে। বাকিগুলোতে বাগান কর্তৃপক্ষের দেয়া প্রাথমিক বিদ্যালয় ও এনজিও পরিচালিত কেন্দ্র হতে শিক্ষা গ্রহণ করতে হয় চা শ্রমিক সন্তানদের। গত বছর জেলায় ৪২ শতাংশ চা শ্রমিক শিশু প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে। বাকি ৫৮ শতাংশ শিশু নানা কারণে ভর্তি হয়নি।

বিষয়টি হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান’র নজরে আসলে চা শ্রমিক শিশুদের স্কুলমুখী করতে কাজ শুরু করেন। এ সময় জেলা প্রশাসক জানতে পারেন শুধুমাত্র জন্মনিবন্ধন না থাকার কারণে অনেক চা শ্রমিক শিশু স্কুলে ভর্তি হতে পারছে না। টাকার অভাব ও ভোগান্তির কারণে চা শ্রমিকরা নিজেদের সন্তানদের জন্ম নিবন্ধন করতে আগ্রহী ছিলেন না।

এ ছাড়া একটি চা শ্রমিক পরিবারে একাধিক শিশু রয়েছে, একজন শিশুকে দেখে রাখার জন্য আরেকজন শিশুকে বাড়িতে থাকা লাগে সারাদিন। সে কারণ পরিবারের বড় সন্তানরা শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়। ফলে মাত্র ৩৫ থেকে ৪৫ শতাংশ শিশু স্কুলে ভর্তি হয়েছে।

ইউনিয়ন পরিষদে না গিয়ে চা বাগানের ভেতরেই কোন ধরণের ভোগান্তি ছাড়া বিনামূল্যে জন্ম নিবন্ধন করার উদ্যোগ গ্রহণ করেন জেলা প্রশাসক। শিশুদের স্কুলে পাঠাতে বাড়ি বাড়ি গিয়ে মা-বাবাকে উদ্বুদ্ধ করেন জেলা প্রশাসন থেকে গঠিত টিম। এছাড়া চা শ্রমিক শিশুদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ ও উপবৃত্তির টাকার পরিমাণ বাড়ানোর কারণে চলতি বছর ৯৮ শতাংশ শিশু স্কুলে ভর্তি হয়েছে।

চা শ্রমিক সন্তানদের শতভাগ ভর্তি নিশ্চিতকরণ কর্মসূচি উপলক্ষে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এ সময় চা বাগানের ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামোগত উন্নয়নের জন্য ৫ লাখ ৪০ হাজার টাকা প্রদান করা হয়।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মাওলা বলেন, ‘প্রথমে আমরা চা বাগানের অভর্তিকৃত শিশুদের একটি তালিকা তৈরি করি। এ সময় দেখা গেছে শুধুমাত্র চা বাগানেই ৩ হাজারের বেশি শিশু স্কুলে ভর্তি হয়নি। এর একটি বড় কারণ শিশুদের জন্ম নিবন্ধন ছিল না। পরে জেলা প্রশাসক মহোদয় উদ্যোগ নিয়ে দুইটি ক্যাম্পেইন করেন। সেখানে একই সাথে অনেকটা বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে জন্ম নিবন্ধন করার পর একইসাথে শিশুদের স্কুলে ভর্তি করা হয়। যে কারণে এ বছর এখন পর্যন্ত ৯৮ শতাংশ শিশু ভর্তি করা হয়েছে। বাকি ২ শতাংশ শিশুকেও স্কুলে ভর্তির জন্য বাড়ি বাড়ি গিয়ে মা বাবাকে উদ্বুদ্ধ করছি।’

জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ‘হবিগঞ্জ জেলায় মোট ২৪টি বড় চা বাগান রয়েছে। আর ছোট-বড় মিলিয়ে ৪৯টি চা বাগান রয়েছে। বাগানগুলোর চা শ্রমিকরা শিক্ষাসহ সবক্ষেত্রেই একটু পিছিয়ে ছিল। বিশেষ করে আমরা দেখেছি গতবছর মাত্র ৪২ শতাংশ শিশু প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখলাম শুধুমাত্র জন্ম নিবন্ধন সনদ না থাকার কারণে অনেক শিশু স্কুলে ভর্তি হতে পারছে না। এ ছাড়াও বেশ কিছু কারণ রয়েছে। আমরা সেগুলো চিহ্নিত করে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে বিনামূল্যে প্রতিটি বাগানে গিয়ে বিনামূল্যে জন্ম নিবন্ধন  করার ব্যবস্থা করি। যার ফলে এ বছর এখন পর্যন্ত ৯৮ শতাংশ শিশুকে আমরা স্কুলে ভর্তি করতে পেরেছি। জুনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শতভাগ শিশুর ভর্তি নিশ্চিত করা হবে।’

তিনি বলেন, ‘চা শ্রমিক সন্তানদের শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নেয়ার জন্য উপবৃত্তি দেয়া হচ্ছে। বিভিন্ন ধরণের শিক্ষা উপকরণ দেয়া হচ্ছে। এছাড়া তাদের জন্য ডে কেয়ার সেন্টার ও কালচারাল সেন্টারের ব্যবস্থা করছি। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে চা শ্রমিক সন্তানদের কম্পিউটার এর মৌলিক বিষয়ের  সাথে পরিচিত করানোর নিমিত্ত আগামীতে তাদের জন্য কম্পিউটারের ব্যবস্থা করা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.