নিজস্ব প্রতিবেদক | ১১ ফেব্রুয়ারী, ২০২৩
বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে সিলেটে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়৷
দক্ষিণ সুরমার লাউয়াই পয়েন্ট থেকে শুরু হওয়া পদযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চন্ডীপুলে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতৃবৃন্দ। এছাড়াও জেলার অন্যান্য ইউনিয়নেও পদযাত্রা অনুষ্ঠিত হয়।
পদযাত্রায় বিএনপির ১০ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ অতিষ্ঠ। তাই বিএনপির পদযাত্রায় সাধারণ মানুষ যোগ দিচ্ছে।
সকালে দিনের কর্মসূচির শুরুতেই দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নে ইউনিয়নে পদযাত্রার শুরুতেই দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আওয়ামী লীগ অগণতান্ত্রিক ও গনবিরোধী কার্যকলাপ, ভয়াবহ দুর্নীতি ও লুটপাট, প্রশাসন সহ সর্বক্ষেত্রে দলীয়করণ, ভোটাধিকার, মানবাধিকার ও বাকস্বাধীনতা হরণ এবং দুর্নীতির মাধ্যমে লুটপাট করা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের ফলে গোটা দেশ আজ বিপর্যস্ত। চাল, ডাল, তেল, আটা, ময়দা, লবণ, চিনি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আজ আকাশচুম্বী।
তিনি আরও বলেন, বিদ্যুৎ, গ্যাস ও এলপিজি গ্যাসের দাম বার বার বাড়ানো হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের মানুষ আজ ঠিক মত তিনবেলা খেতে পারছেনা, নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। ডলারের অভাবে পণ্য আমদানি করা যাচ্ছে না। এমতাবস্থায় দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে বিএনপি ১০ দফা দাবী নিয়ে আন্দোলন করছে। এই দাবী বিএনপির একার নয়, এই দাবী দেশের সাধারণ মানুষের। তাই এই ফ্যাসিস্ট সরকারকে অবিলম্বে পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচন দিতে হবে। ১০ দফা দাবী বাস্তবায়ন না করে বিএনপির কর্মীরা ঘরে ফিরে যাবে না।
কাইয়ুম চৌধুরী বলেন, দেশের মানুষ আজ জেগে উঠেছে। ১০ দফা দাবী মেনে নিয়ে দেশের গণতন্ত্র, ভোটাধিকার, বাকস্বাধীনতা ও দেশের মালিকানা জনগণকে ফিরিয়ে না দিলে চূড়ান্ত আন্দোলনের ডাক দেয়া হবে। তখন আর পালাবার রাস্তাও খোঁজে পাবে না।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি নেতা ইকবাল বাহার চৌধুরী, বিএনপি নেতা তাজরুল ইসলাম তাজুল, জেলা বিএনপি নেতা এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, কামরুল হাসান শাহীন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন মানিক, এডভোকেট আবু তাহের, এডভোকেট আল আছলাম মুমিন, লোকমান আহমদ, কামরুজ্জামান দিপু, এড. মোস্তাক আহমেদ, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুড়ন, সোহেল ইবনে রাজা, জাকারিয়া খান, স্বপন খান, নাজিম উদ্দিন পান্না, রায়হান এইচ খাঁন,বাবর আহমদ রনি, নুরুল আমিন, পাবেল রহমান, শাহীন আলম জয়, জালাল খান ,রায়হানুল হক, আলী আব্বাস , জাসিম আহমেদ, সাহেদ আহমেদ ,জুয়েল আহমেদ, বিএনপি সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম বাচ্চু প্রমুখ।