Sylhet Today 24 PRINT

বাঁধের দাবিতে উপমন্ত্রীর সামনে কৃষকদের বিক্ষোভ, আশ্বাসে শান্ত

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের উপস্থিতিতেই টাঙ্গুয়ার হাওরের নজরখালি ফসল রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে স্থানীয় ৮২ গ্রামের কৃষকরা বিক্ষোভ করেছেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপমন্ত্রী এনামুল হক শামীম টাঙ্গুয়ার হাওরের নজরখালি বাঁধে পরিদর্শনে গেলে কৃষকরা বিক্ষোভ করেন।

কৃষকরা প্রতিমন্ত্রীর উদ্দেশে হ্যান্ডমাইকে বলেন, টাঙ্গুয়ার পাড়ের চারটি ইউনিয়নের ৮২টি গ্রামের কৃষকদের প্রায় ৯ হাজার হেক্টর জমি চাষাবাদ করা হয়েছে। বিগত বছরগুলোতে এ বাঁধ পানি উন্নয়ন বোর্ড নির্মাণ করলেও এ বছর তারা কিংবা সুনামগঞ্জ জেলা প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছেন না। তারা বলছেন, টাঙ্গুয়ার হাওর নাকি এটা জীববৈচিত্র্য ও জলাভূমি।

এ সময় কৃষকদের উদ্দেশে উপমন্ত্রী বলেন, তাদের ফসল রক্ষায় সরকার সবকিছুই করবে। সরকার কৃষকদের মুখে হাসি দেখতে চায়। কৃষকরা যাতে শতভাগ জমি চাষাবাদ করতে পারেন, সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের উদ্দেশে উপমন্ত্রী আরও বলেন, 'আমাদের পরিকল্পনার কারণে কৃষকদের যেন ক্ষতি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। নতুন করে টাঙ্গুয়ার হাওরপাড়ে ৩ কিলোমিটার বাঁধ নির্মাণ করতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা এমন সিদ্ধান্ত নেব, যাতে আপনারা এ হাওরের শতভাগ ফসল ঘরে তুলতে পারেন।'

উপমন্ত্রীর এমন আশ্বাসে কৃষকরা শান্ত হন।

পরিদর্শনের সময় উপমন্ত্রীর সঙ্গে আরও ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পাউবোর অতিরিক্ত মহাপরিচালক এস এম শহিদুল ইসলাম, সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী খুশী মোহন সরকার, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন হাওলাদার, ইউএনও সুপ্রভাত চাকমা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.