নিজস্ব প্রতিবেদক | ৩০ ডিসেম্বর, ২০১৫
রাত তখন সাড়ে ৯টা। গোলাপগঞ্জ উপজেলা কমপ্লেক্সে নির্বাচনী ফলাফর ঘোষণা করছিলেন রিটার্নিং কর্মকর্তা আজিজুল ইসলাম। মেয়র পদে সিরাজুল জব্বার চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা হওয়ার সাথেসাথেই উপজেলা কমপ্লেক্সের বাইরে শ্লোগান শুরু করেন আওয়ামীলীগের এই বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা।
সিরাজুল জব্বার তখন উপজেলা কমপ্লেক্সেরই ভেতরে। ফলাফল ঘোষণার পর বাইরে বেরিয়ে আসেন তিনি। এই শীতের রাতে উপজেলা কমপ্লেক্সের বাইরে জড়ো হওয়া নেতাকর্মীরা জড়িয়ে ধরেন তাকে। ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
এসময় নেতাকর্মীদের উদ্দ্যেশে নবনির্বাচিত এই মেয়র বলেন, আমি আপনাদের জন্যে আজ মেয়র নির্বাচিত হয়েছি। আপনাদের জন্যে এখানে এসেছি। আপনাদের মাঝেই থাকবো। এসময় তিনি সুষ্ঠ নির্বাচনের জন্য সরকার, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সিরাজুল জব্বারের বক্তব্য তখনও শেষ হয়নি। তবু নেতাকর্মীরা বিজয় মিছিল শুরু করে দেন। মোবাইল, মোবাইল শ্লোগান শুরু হয় চারদিক থেকে। শীতের কুয়াশা ভেদ করে এগিয়ে যেতে থাকে এ মিছিল।