Sylhet Today 24 PRINT

সিলেটে আইনশৃঙ্খলা বাহিনীর দুই সদস্যের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক: |  ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

প্রতীকী ছবি

সিলেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ইউনিটের দুই সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে মহানগরের চারাদিঘীর পারে মানিকপীর টিলার সামনে এই ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ইউনিটের দুই সদস্য মোটরসাইকেলযোগে নয়য়াসড়ক-কুমারপাড়া রোড দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে চারাদিঘীর পারে আসলে মানিকপীর টিলার দিক থেকে বেরিয়ে হঠাৎ দুই যুবক কোনোদিকে খেয়াল না করে দ্রুতগতিতে রাস্তা পার হতে লাগলে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওই দুই সদস্য। এসময় রাস্তা পারাপারকারী দুই যুবককে অসতর্কভাবে রাস্তা পার না হতে পরামর্শ দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওই সদস্যরা। এতে তারা (যুবকরা) ক্ষেপে যান এবং ফোন করে স্থানীয় আরও কয়েকজন যুবক এনে হামলা করেন।

উপ কমিশনার আজবাহার আলী আরও জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সদস্যকে উদ্ধার এবং হামলাকারী এক যুবককে আটক করেন। হামলায় জড়িত সকলকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.