Sylhet Today 24 PRINT

নর্থ ইস্ট হাসপাতালের ছাত্রীকে উত্ত্যক্তের জেরে শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: |  ২০ ফেব্রুয়ারী, ২০২৩

সিলেটের দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মেডিকেল কলেজের ছাত্রীকে উত্ত্যক্তের জেরে কথা–কাটাকাটি এবং পরে পাল্টাপাল্টি ধাওয়া ও ওই সংঘর্ষের ঘটনা ঘটে। 

রোববার রাত পৌনে ৯টার দিকে শুরু হয়ে রাত সাড় ১০টায় পর্যন্ত সংঘর্ষ চলে।

সংঘর্ষে সিলেটের দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) মাঈন উদ্দিন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ আরও ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার সুদীপ দাস বলেন, মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে দক্ষিণ সুরমা থানার এসি মাথায় ঢিলের আঘাতে গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

হাসপাতালের গণসংযোগ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের সামনের এক ব্যবসায়ী কিছুদিন ধরে মেডিকেল কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। আজ রোববার রাতে ওই ছাত্রী কলেজের বাইরে এলে ফের উত্ত্যক্তের জেরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম চালু রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.