Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ট্রেনের ভেতরে থাকা বস্তায় মিলল গলাকাটা হরিণ

শ্রীমঙ্গল প্রতিনিধি: |  ২২ ফেব্রুয়ারী, ২০২৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালনী ট্রেন থেকে একটি গলাকাটা হরিণ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

আজ বুধবার সকাল ৯টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা কালনী ট্রেনের ইঞ্জিন রুমের কাছ থেকে বস্তাবন্দী অবস্থায় মৃত হরিণটি উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে, লাউয়াছড়ায় ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে হরিণটি আহত হয়েছে। পরে দুর্বৃত্তরা হরিণটি হত্যা করে বস্তায় ভরে ট্রেনে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। তবে ট্রেনের ভেতর ওই বস্তা দেখে রেল পুলিশের সন্দেহ হয়। পরে বস্তাটি খুলে সেখান থেকে একটি গলাকাটা হরিণ উদ্ধার করা হয়। পরে হরিণটি উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক বলেন, ‘আমরা ময়নাতদন্ত করে বুঝতে পেরেছি, প্রাণীটিকে ধারলো কোনো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।’

মৌলভীবাজার বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার মিত্র বলেন, ‘লাউয়াছড়ার পাশের চা-বাগানে মাঝেমধ্যে হরিণ ঘুরে বেড়াতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা সেখান থেকেই প্রাণী ধরে হত্যা করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে তদন্ত চলছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। মৃত হরিণটি মাটিচাপা দেওয়া হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.