Sylhet Today 24 PRINT

মধ্যরাতে মাথাব্যথা বলে বোনকে অন্য ঘরে পাঠিয়ে ঘুমে নববধূ, সকালে মিলল লাশ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর: |  ২২ ফেব্রুয়ারী, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিয়ের ১২ দিনের মাথায় ফারজানা আক্তার (১৮) নামের এক নববধূর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে জগন্নাথপুর পৌরসভার হবিবপুর (কিশোরপুর) এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১০ ফেব্রুয়ারি জগন্নাথপুর পৌরসভার হবিবপুর (আশির ঘর) এলাকার নুরুল হকের ছেলে ইজিবাইক চালক মাহমুদুল হাসানের সঙ্গে হবিবপুর (কিশোরপুর) এলাকার নজির আলীর মেয়ে ফারজানা আক্তারের বিয়ে হয়। গত মঙ্গলবার দুপুরে ফারজানা আক্তার স্বামীকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। রাতে স্বামী চলে যাওয়ার পর তিনি তার বড় বোনের সাথে একই কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে ওই নববধূ তার বড় বোনকে মাথা ব্যথা করছে বলে জানায় এবং বোনকে অন্য কক্ষে পাঠিয়ে দেয়। সকালে তার বড় বোন ঘুম থেকে উঠানোর জন্য ডাকতে আসলে ওই গৃহবধূরর কোনো সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকদেরকে ডাক দেন। প্রতিবেশীরা এসে ফারাজানাকে মৃত বলে জানান। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়।

ফারজানার বড় বোন সুজনা বেগম বলেন, আমার বোন বিগত প্রায় ৭ বছর ধরে মানসিক রোগে ভুগছে। বুধবার তাকে নিয়ে সিলেটে চিকিৎসকের কাছে যাওয়ার কথা ছিল।

স্থানীয় কাউন্সিলর কামাল হোসেন বলেন, মেয়েটির মানসিক সমস্যা রয়েছে। কিভাবে মারা গেল জানা যায়নি। এজন্য ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) অলক দাশ বলেন, ‘উভয় পরিবারেরই কোনো অভিযোগ নেই। এখনও মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.