Sylhet Today 24 PRINT

বড়লেখায় পাথারিয়া বইমেলা ও ভাষা উৎসব

বড়লেখা প্রতিনিধি: |  ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

মৌলভীবাজারের বড়লেখায় পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে দিনব্যাপী ‘পাথারিয়া বইমেলা ও ভাষা উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বইমেলা ও ভাষা উৎসবের আয়োজন করা হয়। এতে পৃষ্ঠপোষকতা করেছেন কাতার প্রবাসী তরুণ সমাজসেবক তারেক আহমদ।

সকাল দশটায় প্রধান অতিথি হিসেবে বইমেলা ও ভাষা উৎসবের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্কাউটসের সহ সভাপতি মুহাম্মদ তাজ উদ্দিন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল বাছিতের সভাপতিত্বে ও পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা ও সম্পাদক মোহাম্মদ জাফর আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আক্তারুজ্জামান সাদেক, সিনিয়র শিক্ষক হেলাল উদ্দিন, আতিকুল ইসলাম মুক্তা, বিভূ ভূষণ ভট্টাচার্য, মাসুদ রানা, ভূবেনেশ্বর পাল জন্টু, অভিভাবক প্রতিনিধি এখলাছুর রহমান, পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপের উপদেষ্টা এনামুল হক, কবি মৃণাল কান্তি দাস প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা কিশোর ও তরুণ প্রজন্মকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহবান জানান।

সরেজমিন দেখা গেছে, বইয়ের স্টলে স্থানীয় লেখকদের রচিত বইয়ের পাশাপাশি বিভিন্ন লেখক ও প্রকাশনীর ছড়া, কবিতা, ছোটগল্প, গল্প, প্রবন্ধ, উপন্যাস, সায়েন্স ফিকশন, কিশোর উপন্যাস, মুক্তিযুদ্ধভিত্তিক বই ও শিশুতোষ বই স্থান পেয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বইমেলায় ছোট-বড় নানা শ্রেণি-পেশার মানুষ বই কিনতে ভীড় করেন। পাশাপাশি ভাষা উৎসবে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান পরিবেশন করেন। বিকেলে অতিথি শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

মেলার আয়োজক পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মোহাম্মদ জাফর আহমদ বলেন, মানুষ বই থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে। তারা আগের মতো বই পড়ে না। মূলত সবাইকে বইমুখী করতে আমরা বইমেলার আয়োজন করেছি। তিনি বলেন, মেলায় বেশিরভাগ পাঠকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল মুক্তিযুদ্ধভিত্তিক বই। যা মেলা শুরুর অল্প সময়ের মধ্যেই বিক্রি হয়ে যায়। এছাড়া ছোটদেরও বইয়ের প্রতি পাঠকদের আগ্রহ বেশি ছিল। আগামীতে আরো বড় পরিসরে মেলার আয়োজন করার আশা ব্যক্ত করে তিনি আরো বলেন, সব মিলিয়ে সুন্দর ও সফলভাবে অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি। এজন্য যারা আমাদের আর্থিকভাবে ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞ।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০২০ সালে প্রথম বারের মতো পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপ দিনব্যাপী বইমেলা আয়োজন করে। পরবর্তীতে করোনা মহামারীর কারণে দুবছর বই মেলার আয়োজন করা সম্ভব হয়নি। তবে এবার পরিস্থিতি স্বাভাবিক থাকায় দ্বিতীয়বারের মতো বই মেলা আয়োজন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.