বড়লেখা প্রতিনিধি: | ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১০ কিলোমিটার ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোরে অনুষ্ঠিত এই ম্যারাথনের আয়োজন করে বড়লেখা ওয়ারিয়র্স। বড়লেখা ওয়ারিয়র্সের সভাপতি মো. ফরহাদ হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম অপু ম্যারাথনের সার্বিক তত্ত্বাবধান করেন।
আয়োজক সূত্রে জানা গেছে, ১০ কিলোমিটার ম্যারাথন দৌড় উপলক্ষে আগের দিন সোমবার থেকেই উৎসবের আমেজে অংশগ্রহণকারী ও আয়োজকেরা। এতে শুধু বৃহত্তর সিলেটেরই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন দৌড়বিদেরা। এরআগে শেষ হয় অংশগ্রহণকারীদের নিবন্ধন। সীমান্তবর্তী এই জনপদে বড়লেখা ওয়ারিয়র্সের এটি দ্বিতীয় আয়োজন। সকাল ছয়টায় বড়লেখা থানার সামনে থেকে শুরু হয় ম্যারাথন। এরপর দুই পাশের সবুজে মোড়ানো টিলা ও চা-বাগানের পথ মাড়িয়ে দৌড়বিদদের পা থেমেছে দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের স্থান মাধবকুণ্ড ইকোপার্কের প্রবেশের ফটকে। ম্যারাথনে সারা দেশ থেকে অংশ নেন ২০০ জন নারী ও পুরুষ।
এতে বিজয়ী হয়েছেন- আশরাফুল আলম, মো. এলাহি সর্দার, ফয়ছল মিয়া, জাফর আলম জয়, আমির উদ্দিন, এডলিন রোদেলা, সুইটি ফারজানা ও তাসনিম আক্তার।
সকাল সাড়ে আটটায় মাধবকুণ্ডে জেলা পরিষদের বাংলো প্রাঙ্গণে পুরস্কার বিতরণ করা হয়।
বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা ওয়ারিয়র্সের সাবেক সভাপতি রবিন্দ্র দত্ত রন্টু।
বড়লেখা ওয়ারিয়র্সের সভাপতি মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে অতিথি ছিলেন- রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, জাতীয় পর্যায়ের দৌড়বিদ আব্দুল বাছিত, আব্দুল বারী, ম্যারাথনের বিচারক প্রধান শিক্ষক ছয়ফুল হক ও সহকারী শিক্ষক ময়নুল ইসলাম, মৌলভীবাজার জেলা ছাত্রলীগ সহ সভাপতি সুমন আহমদ।