Sylhet Today 24 PRINT

তাহিরপুরে হচ্ছে শহিদ মিনার, স্থান নির্ধারণ

তাহিরপুর প্রতিনিধি |  ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

বায়ান্নর মাতৃভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রতীক শহিদ মিনার। সেই শহিদ মিনার ভাষা আন্দোলনের ৭১ বছর আর স্বাধীনতার ৫১ বছর পর নির্মিত হচ্ছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের ভূমি অফিস সংলগ্ন স্থানে শহিদ মিনার নির্মাণের স্থান নির্ধারণ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, ইউএনও সুপ্রভাত চাকমা, এসিল্যান্ড আসাদুজ্জামান রনি, সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, বাদাঘাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, বালিজুরী ইউপি চেয়ারম্যান আজাদ হোসাইন, উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, উত্তর শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলী হায়দার, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান ইউনুস আলী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, দপ্তর সম্পাদক রুকন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাঘা বলেন, ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায় করতে শিখেছে। কিন্তু ভাষা সৈনিকদের প্রতি সম্মান জানাতে উপজেলা সদরে এতদিন শহিদ মিনার ছিল না। আজ ভাষা আন্দোলন ৭১ বছর পর শহিদ মিনার নির্মাণের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। এই উদ্যোগটি আরও আগেই নেওয়া প্রয়োজন ছিল। দেরিতে হলেও শহিদ মিনার নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে এখন দ্রুত কাজ বাস্তবায়ন করা প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন, ভাষা আন্দোলনের মূলেই ছিল ১৯৬২-এর শিক্ষা, ৬৬-এর স্বাধিকার, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। তাই শহিদ মিনারের গুরুত্ব অপরিসীম। এতদিন উপজেলা সদরে শহিদ মিনার ছিল না। আজ সকলের উপস্থিততে শহিদ মিনার নির্মাণের কার্যক্রম শুরু করেছি। খুব শিগগিরই তা বাস্তবায়ন করা হবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, শহিদ মিনার বাংলাদেশের ভাষা, সংস্কৃতি ও আন্দোলন-সংগ্রামের সাক্ষী। তাই উপজেলা সদরে ভাষা শহিদের সম্মান জানাতে ও আগামী প্রজন্মের কাছে ভাষা শহিদদের আত্মত্যাগের কথা তুলে ধরতে শহিদ মিনার নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে। এছাড়াও প্রতিটি বিদ্যালয়ে শহিদ মিনার স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.