সুনামগঞ্জ প্রতিনিধি | ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আগামী দিনে যেকোন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের পুলিশ প্রস্তুত রয়েছে। আগামী সংসদ নির্বাচনেও পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শুক্রবার সকাল ১১টায় শাল্লা থানা ক্যাম্পাসের নবনির্মিত ভবন ‘স্টুডিও এপার্টমেন্ট’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ পুলিশ আজ আন্তর্জাতিক মানের বলেও এসময় মন্তব্র করেন তিনি।
আইজিপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। বাংলাদেশের সেন্টিমেন্টকে প্রধানমন্ত্রী ধারণ করে এ ব্যাপারে আমাদের নির্দেশনা দিয়েছেন এবং এর আলোকে দায়িত্ব পালন করে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমন করতে পুলিশ সক্ষম হয়েছে।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, দেশের কোনো মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না। জঙ্গিবাদ সন্ত্রাসবাদের প্রতি তাদের যে মনোভাব এটা আমাদের দায়িত্ব পালন উৎসাহিত করে, উজ্জীবিত করে, সহায়তা করে। এবং তাদের এই সহায়তার কারনেই আমরা সফল হয়েছি।
আইজিপি বলেন, আপনারা লক্ষ্য করেছেন হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর থেকে দেশে যেসব সন্ত্রাসী ও জঙ্গি কর্ম তৎপরতা দেখা দিয়েছিল তা পুলিশ সফলতার সাথে মোকাবেলা করতে পেরেছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওইসব সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে সক্ষম হয়েছে। যেসকল জঙ্গি আটক হয়েছে তারা আক্রমণ করার আগেই তাদের সহযোগিদের ও অস্ত্রশস্ত্রসসহ আটক করেছি। জঙ্গিবাদ দমন পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আগামীতেও এই ধারাবাহিকতা ধরে রাখবে। দেশে যাতে কোনো জঙ্গিবাদের উত্থান না ঘটে সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম চলমান আছে।
জঙ্গি কার্যক্রম প্রসঙ্গে তিনি আরো বলেন, দেশে যে কোনো অনিয়মে পুলিশ বাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। জঙ্গিদের একটি টিম বান্দরবানে দীর্ঘদিন ধরে সংঘটিত হচ্ছিল, দেশের আইন শৃঙ্খলা বিনিষ্ট করার তৎপরতা চালিয়ে যাচ্ছিল গহিন জঙ্গলে। গহিন জঙ্গলে যেখানে যেতে চার থেকে ৫ ঘন্টা সময় লাগত সেখানেও আমরা তাদের ধরে ফেলেছি। তারা সবধরণের কার্যক্রমের ব্যাপারে আমরা সচেতন ও সর্তক আছি। আমাদের সীমাবদ্ধ সক্ষমতার মধ্যে নেটওয়ার্ক বিস্তৃত আছে।
শাল্লার নিজ এলাকার প্রতি টান প্রসঙ্গে আইজিপি বলেন, মা মাটি মাতৃভূমি প্রতি সহজাত একটা টান আছে। এলাকার মানুষের প্রতি আমার টান কাজ করে। নিজের জন্মভূমি শাল্লায় যখন আসি তখন আমার মধ্যে একটা আবেগ ভালবাসা কাজ করে। আমরা মানুষ, যন্ত্র না, তাই এলাকা মা মাটি মানুষের প্রতি আলাদা ভাললাগা কাজ করে। এই এলাকার ছোট বড় সবাইকে চিনি।
এসময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, শাল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আমিনুল ইসলাম প্রমূখ।
এর পূর্বে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ঢাকা থেকে হেলিক্যাপ্টার যোগে শাল্লার শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন।