Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে মায়ের সামনে থেকে কিশোরীকে অপহরণের অভিযোগ

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

সিলেটের গোলাপগঞ্জে এক কিশোরীকে মায়ের সামনে থেকে অপহরণের ঘটনার অভিযোগ উঠেছে। গত ১৯ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের নিজ ঢাকা দক্ষিণ বিদাইটিকর গ্রামে এ ঘটনাটি ঘটে বলে জানা যায়। এ ঘটনায় ২৩ ফেব্রুয়ারি গোলাপগঞ্জ মডেল থানায় কিশোরীর মা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের নামে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং -২৪) দায়ের করেন।

মামলার এজাহার ও ভিকটিমের পরিবারসূত্রে জানা যায়,  গত ১৯ ফেব্রুয়ারি রাত অনুমান সাড়ে ১১টায় ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে যান। এসময়  একই গ্রামের প্রতিবেশী তারেক আহমদ (১৯) সহ আরও ৪/৫জন অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার সময় কিশোরীর মা তাদের আটকানোর জন্য চিৎকার শুরু করেন। একপর্যায়ে অনেক চেষ্টা করেও তাদের আটকাতে না পেরে তিনি নিজে অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়েন। পরবর্তীতে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে।

পরে স্থানীয়দের পরামর্শে গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরী করেন।(নং-১০০৮, তাং ২০/০২/২৩)।

এদিকে কিশোরীর পরিবার স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসীর কাছে বিচারপ্রার্থী হলে তারা আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন। পরে ভিকটিমের মা বাদী হয়ে থানায় ৪জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। অপহরণের চারদিন পেরিয়ে গেলেও এখনো ভিকটিমকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

ভিকটিমের পরিবার জানায়, অভিযুক্ত তারেক কিশোরীকে স্কুলে যাওয়া আসার সময় দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাবসহ নানা প্রকার উৎপাত করে আসছিল। একপর্যায়ে কিশোরীর পড়ালেখা বন্ধ হয়ে যায়। পরে তাকে নিরাপত্তার স্বার্থে নিকট আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। গত কয়েকদিন আগে আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ী ফিরেছে তরুণী। এরপরেই এই ঘটনাটি ঘটিয়েছে বলে জানান তারা।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, নাবালিকা কিশোরী উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে এবং আসামীদের গ্রেপ্তারে জোর চালানো হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.