Sylhet Today 24 PRINT

আশিক চৌধুরীর হুমকির প্রতিবাদ হারিছ চৌধুরীর ভাইবোনের

নিজস্ব প্রতিবেদক |  ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব প্রয়াত আবুল হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা চৌধুরীকে গলা টিপে হত্যার হুমকির অভিযোগ ওঠেছে হারিছ চৌধুরীর চাচাতো ভাই কানাইঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে।

সিলেটের কানাইঘাট উপজেলার ৩নং পুর্ব দীঘিরপাড় ইউনিয়নের দর্পনগর গ্রামের বাসিন্দা আবুল হারিছ চৌধুরীর ভাই কামাল চৌধুরীর ছেলে রাহাত চৌধুরী বাদী হয়ে গত ২৩ জানুয়ারি আশিক উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার পর সামিরা চৌধুরী ব্রিটেনের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে অভিযোগের ব্যাপারে সম্মতি জানান এবং এর প্রেক্ষিতে কানাইঘাট থানা সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করেন।

জিডি সূত্রে জানা যায়, আশিক চৌধুরী গত ১৭ জানুয়ারি উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের রামধন গ্রামে হারিছ চৌধুরীর বাবার নামে প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে তিনি হারিছ চৌধুরীর মেয়েকে ‘গলা টিপে হত্যা’র হুমকি দেন। এ সময় হারিছ চৌধুরীর পরিবারের অন্য সদস্যদের নিয়েও বিষোদগার করেন তিনি। এ ছাড়া হারিছ চৌধুরী ও তার অন্যান্য ভাইয়ের পরিবারের সদস্যদের ওই এতিমখানায় ঢুকতে নিষেধ করেন এবং ঢুকলে মারধর করবেন বলে হুঁশিয়ারি দেন। অতঃপর ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়।

আশিক উদ্দিন চৌধুরীর এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনে হতবাক হয়ে পড়েন মরহুম আবুল হারিছ চৌধুরী মেয়েসহ পরিবারের লোকজন। এ বিষয়ে হারিছ চৌধুরীর আপন বড় বোন এখলাসুন নাহারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন- “এতিমখানা আমার বাবার নামে। হারিছ চৌধুরী আমার ভাই, আমার চোখে সে শহিদ, সে মুক্তিযোদ্ধা ছিল, যা আমাকে গর্বিত করে। আমার ভাইয়ের নামে স্থাপনা হলেও এতিমখানাটি সরকারি, আমরা কেবল এর খোঁজখবর নিতে পারি, যা আমার বাড়িতে থাকা ছোট ভাই কামাল ও তার ছেলে চেষ্টা করেছিল এবং আমরা নিয়মিত অনুদান দিয়ে আসছি। বাকি সরকারের ব্যাপার।

আমার ভাই হারিছ চৌধুরী রাজনৈতিক ব্যক্তিত্ব, আশিক তার মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি করেছে, মিথ্যা বলেছে লন্ডন মারা গেছেন বলে! এবং লাশ আমার মা’র কবরের পাশে দাফন হতে দেয়নি, এতকিছুর পরও আমরা কিছু বলিনি, আমরা এলাকায় সম্মানিত বনেদি পরিবার, সমাজসেবী হিসেবে আমাদের নাম আছেই, আমরা চাইনি কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে।

হারিছ চৌধুরীর একমাত্র মেয়ে ব্যারিস্টার সামিরা চৌধুরী। এটা সত্যি যে সোশ্যাল মিডিয়াতে সরাসরি ব্যারিস্টার সামিরা চৌধুরীকে গলা টিপে হত্যা করার প্রকাশ্য হুমকির একটি ভিডিও ভাইরাল হয়ে আছে, যার প্রভাবে আমার পরিবারসহ এলাকার সকল ভদ্র পরিবারে ভীতি ও বিব্রতকর অবস্থা। পারিবারিক ব্যাপার নিয়ে জনসম্মুখে হুমকি প্রদান করে বক্তব্য, নোংরা গালাগালি বিষয়টি পারিবারিক থাকতে দিলো না- আমি বিব্রত এবং ব্যথিত। এই ব্যাপারে পরিবার ও এলাকার গুরুজনদের পরামর্শমতে আমার আপন ভাতিজা রাহাত চৌধুরী অভিযোগপত্র জমা দিয়েছেন। আমরা বর্তমানে প্রশাসন এ বিষয়ে কী উদ্যোগ নিচ্ছেন সে ব্যাপারে জানার অপেক্ষায় আছি।”

রাহাতের বাবা কামাল চৌধুরী এ বিষয়ে জানান তিনি নিজের ছেলে এবং ভাতিঝির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, একই সাথে মনোক্ষুণ্ণ ও বিব্রত। তিনি সন্দেহ করছেন শুরু থেকেই বিষয়টি যতটা না পারিবারিক তার চেয়ে বেশি রাজনৈতিক যা অনভিপ্রেত ছিল। তার আশা ও আহবান প্রশাসন ব্যাপারটি সঠিক ও ন্যায়সঙ্গতভাবে বিবেচনা করবেন।

কানাইঘাট থানার ওসি গোলাম দস্তগীর জানান, সাধারণ ডায়েরির অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। গত সোমবার রাত থেকে পুলিশ সেটি তদন্ত শুরু করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগের বিষয়ে জানতে আশিক চৌধুরীকে ফোন করেও তাকে পাওয়া যায়নি। প্রসঙ্গত, হারিছ চৌধুরীর স্ত্রী ও ছেলেমেয়ে দেশের বাইরে থাকেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.