নিজস্ব প্রতিবেদক | ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
সিলেট নগরের জিন্দাবাজার এলাকার আল হামরা শপিং সেন্টারে আগুন লেগেছে। সোমবার রাত সোয়া আটটার দিকে বহুতল এই শপিং সেন্টারে আগুন লাগে।
রাত পৌনে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার ব্রিগেডের একাধিক ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোয়া আটটার দিকে আল হামরা শপিং সিটির ৩য় তলা থেকে আগুনের শিখা বেরুতে দেখেন ব্যবসায়ীরা। ৩য় তলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
এরপর ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আগুন নেভাতে যায়।
এদিকে আগুনের খবরে আল হামরা শপিং সেন্টারের সামনে ভিড় করছেন বিপুল সংখ্যক উৎসুক জনতা। পুরো জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে যানজট লেগে আছে। এই এলাকার বিদ্যুৎ সংযোগও বন্ধ রয়েছে।