Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক |  ০২ মার্চ, ২০২৩

সিলেটের জকিগঞ্জে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মার্চ) সকালে উপজেলার বারহাল ইউনিয়নের পরচক বটরতল বাজার সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন, গোলাপগঞ্জের নারাপিংয়ের শেরপুরের মৃত আসাব আলীর ছেলে ফলিক আহমদ (৪৫) ও তার ছেলে শাহিন আহমদ (৮)।

স্থানীয় সূত্র জানায়, সকালে সিএনজি চালিত অটোরিকশাযোগে ফলিক আহমদ জকিগঞ্জের বারহাল ইউনিয়নের শাহবাগ এলাকায় তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। সকাল পৌনে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের পরচক বটরতল এলাকায় পৌঁছার পর অটোরিকশার সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় শাহিন। গুরুতর আহত ফলিক আহমদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। দুর্ঘটনার পরই মাইক্রোবাসটি পালিয়ে যায়। গাড়িটি শনাক্তে পুলিশ কাজ করে যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.