Sylhet Today 24 PRINT

রাজস্ব আয় বৃদ্ধিতে ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন: স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৩ মার্চ, ২০২৩

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আলমগীর বলেছেন, সিলেটের তামাবিল স্থলবন্দরে ব্যবসা-বাণিজ্যের উন্নতি ও স্বাভাবিক রাখতে সরকার সহায়ক পরিবেশ তৈরি করেছে। সরকারি রাজস্ব আয় বৃদ্ধিতে ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন।

রোববার (১২ মার্চ) সকালে সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শন ও স্থানীয় ব্যবসায়ী এবং স্টেকহোল্ডার সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের সব কয়েকটি স্থলবন্দরকে ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরি করে দেওয়া হয়। প্রতিটি স্থলবন্দরকে আধুনিকায়ন করে নির্মাণ করা হয়েছে। তামাবিল স্থলবন্দরে ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রাখতে তিনি ব্যবসায়ীসহ সকলের সহযোগিতা কামনা করেন ।

তিনি আরও বলেন, চলতি বছরে তামাবিল স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। ব্যবসায়ীদের আমদানি-রপ্তানিকৃত মালামাল মজুদ রাখা ও পরিবহন সুবিধায় অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে স্থলবন্দরের ৫ কিলোমিটার এলাকার মধ্যে আমদানিকৃত পাথর মজুদ রাখার বিষয়ে তিনি জানান, কাস্টমস অনুমতি দিতে পারে, তবে আমি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে করতে পারি। তামাবিল সীমান্তে আমাদের প্রতিবেশী দেশ ভারত তাদের পোর্ট নির্মাণ কাজ প্রায় শেষ করেছ, আমরা আশা করি তাদের চেয়ে আরও উন্নত এবং ভালো মানের কাজ করে ব্যবসায়িক সুবিধা দিতে পারি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সারোয়ার আলম, তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মোহাম্মদ মাহফুজুল ইসলাম ভূঁইয়া, ৪৮ বিজিবি ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদুল ইসলাম, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের উপ-কমিশনার সোলাইমান হোসেন, গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, তামাবিল সংগনিরোধ'র অতিরিক্ত পরিচালক সুলতান মাহমুদ, তামাবিল সোনালী ব্যাংক শাখার ম্যানেজার ফাতেমা-তুজ-জোহরা, জাতীয় গোয়োন্দা সংস্থা এনএসআই'র সহকারী পরিচালক ইমরান হোসেন, তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী, সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মিন্টু মিয়া, সহ-সভাপতি হাজী মো. জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ওমর ফারুক, অর্থ সম্পাদক আব্দুল আহাদ, কার্যনিবার্হী কমিটির সদস্য জাকির হোসেন (আর্মি), আব্দুল করিম রাসেল, তামাবিল ইমিগ্রেশন (ইনচার্জ) এসআই রনু মিয়া, ব্যবসায়ী মো. শাহ রব, সৈয়দ শামীম আহমদ ও আনোয়ার হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.