Sylhet Today 24 PRINT

‘রঙিন মলাটে নতুন বই, স্বপ্ন ফুল হয়ে ফুটবই’

কুলাউড়ায় বই উৎসব

এস আলম সুমন, কুলাউড়া |  ০১ জানুয়ারী, ২০১৬

“হাতে রঙিন মলাটে নতুন বই, স্বপ্ন একটাই ফুল হয়ে ফুটবই”। নতুন বছরে নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা হলো কুলাউড়ার কোমলমতি শিক্ষার্থীরা। শুক্রবার হলেও বই উৎসব দিবসে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আমেজের সৃষ্টি হয়।

এ বছর “নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে পালিত হচ্ছে বই উৎসব দিবস।

উপজেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর কুলাউড়ার প্রাথমিক স্তরের ১৯৩টি বিদ্যালয়সহ বিভিন্ন বেসরকারি সংস্থা পরিচালিত স্কুল এবং কিন্ডার গার্টেনের প্রায় ৬০ হাজারের বেশি শিক্ষার্থীর হাতে ৩লাখ ১৫হাজার ২৭টি বই তুলে দেয়া হয়েছে। মাধ্যমিক স্তরের ৬০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১লাখ ৮০হাজার ও ইবতেদায়িসহ ৩২টি মাদ্রাসার শিক্ষার্থীদের ১লাখ ২৫হাজার নতুন বই তুলে দেয়া হয়েছে।

এ উপলক্ষে উপজেলার রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ জানুয়ারি শুক্রবার দুপুর ১২টায়  বই উৎসব ও শিশু বরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম রেণুর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক এম এ সালামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শরীফ উল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান। এদিকে সকাল ১১টায় কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব ও জেএসসি উত্তীর্ণদের মিষ্টি বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ. আব্দুল মতিন ও সহকারী প্রধান শিক্ষক মোঃ. জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ. আনোয়ার।

এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সামছুল ইসলাম, বিদ্যালয়ের অভিভাবক সদস্য জামাল মিয়া, ফরিদ উদ্দিন, আব্দুল হান্নান প্রমুখ। এছাড়াও উপজেলার নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়, আলী আমজদ উচ্চ বিদ্যালয়, বি এইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে পালিত হয়েছে বই উৎসব। এসময় শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.