Sylhet Today 24 PRINT

মৌসুমের শেষ নিলামে সাড়ে ৭ কোটি টাকার চা বিক্রি

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৫ মার্চ, ২০২৩

দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে ২০২৩ অর্থ বছরের ২৩তম এবং চা উৎপাদন মৌসুমের শেষ চা নিলাম মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে। নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয় চট্টগ্রামের খৈয়াছড়া বাগানের চা পাতা, যার কেজি প্রতি বাজার মূল্য ছিল ১ হাজার ১০ টাকা।

বুধবার (১৫ মার্চ) চা নিলাম কেন্দ্রের অস্থায়ী অফিস জেলা পরিষদ অডিটোরিয়ামের হলরুমে সকাল ৮টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এ নিলাম অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজারের ৫টি ব্রোকার্স হাউজ ও চট্টগ্রামের ৪টি মিলিয়ে প্রায় ৫০ জন বায়ার নিলামে অংশগ্রহণ করে। এতে ৩ লাখ ৮২ হাজার ৮৫২ কেজির উপরে চা পাতা নিলামে ওঠে। যার আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৪৯ লাখ টাকার উপরে।

এরআগে গত ২২তম চা নিলামে ৬৮ হাজার ৬৮৩ দশমিক ৮০ কেজি চা পাতা নিলামে ওঠলেও বিক্রি হয় ১৯ হাজার ৩৩২ দশমিক ২০ কেজি। যার মূল্য ২০ লাখ ৬৩ হাজার ৭১২ দশমিক ৩৫ টাকা। গড় বিক্রয় মূল্য ছিল প্রতি কেজি ১০৬ দশমিক ৭৫ টাকা।

শ্রীমঙ্গল টি-ব্রোকার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ জানান, আজ ২৩তম চা নিলামে শ্রীমঙ্গল ও চট্টগ্রামের ব্রোকাররা ও অংশগ্রহণ করে। শ্রীমঙ্গল ও চট্টগ্রাম মিলিয়ে প্রায় ৩ লাখের উপরে চা অপারিং হয়েছে। আজ বেশ কিছু চা অপারিং হয়েছে, এর মধ্যে দিলকুশা চা বাগানের চা ৮০০ টাকা প্রতি কেজি বিক্রি হয়। চায়ের কোয়ালিটি এখন বাড়ছে। এই রকম কোয়ালিটি ধরে রাখতে পারলে চায়ের বাজার বৃদ্ধি পাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.