Sylhet Today 24 PRINT

পাথারিয়া সংরক্ষিত বনে আগুন, তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

বড়লেখা প্রতিনিধি: |  ১৬ মার্চ, ২০২৩

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের পাথারিয়া হিলস্ রিজার্ভ ফরেস্টের বড়লেখা রেঞ্জের সমনভাগ এলাকায় বনের ভেতর দুর্বৃত্তের দেওয়া আগুনের ঘটনা তদন্তে গঠিত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। গত মঙ্গলবার (১৪ মার্চ) তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে।

পরিদর্শনকালে তদন্ত কমিটির আহ্বায়ক বন বিভাগের শ্রীমঙ্গলের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মারুফ হোসেন, কমিটির সদস্য বন বিভাগের মৌলভীবাজারের রেঞ্জার দ্বীন ইসলাম ও বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সদস্য ও বন বিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস।

গত ১৩ মার্চ সিলেট বন বিভাগের বিভাগীয় প্রধান তৌফিকুল ইসলাম ৩ সদস্যের ওই কমিটি গঠন করে দেন। কমিটিকে ৩ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

পাথারিয়া হিলস্ রিজার্ভ ফরেস্টের বড়লেখা রেঞ্জের সমনভাগ এলাকায় বনের আয়তন ১ হাজার ৮৫০ হেক্টর। মঙ্গলবার (৭ মার্চ) এই এলাকার ধলছড়ি ও মাকাল জোরায় প্রায় ৪০ হেক্টর জায়গার বন আগুনে পুড়ে যাওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা। সেখানে ৫দিন ধরে আগুন জ্বলারও তথ্য দিয়েছেন স্থানীয় লোকজন। আগুনে বিপর্যয়ের মূখে পড়েছে বনভূমির প্রাকৃতিক পরিবেশ, ধ্বংস হয়েছে বন্যপ্রাণির আবাসস্থল।

তবে বন বিভাগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, পাথারিয়া হিলস্ রিজার্ভ ফরেস্টে ৪০ হেক্টর নয় মাত্র ২ হেক্টর ভূমির বন পুড়েছে।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, ওই সময় সমনভাগ বিটের দায়িত্বে থাকা বিট কর্মকর্তা নুরুল ইসলামই আগুন লাগার ঘটনার সাথে জড়িত। আগুন লাগার ৩ দিনের মধ্যেই বিটের দায়িত্বে থাকা নুরুল ইসলামকে অন্যত্র বদলি করা হয়। তার (নুরুল ইসলাম) বিরুদ্ধে ওঠা এমন অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে তার মুঠোফোনে কল দেওয়া হয়। মুঠোফোনে বন্ধ পাওয়ায় এ সংক্রান্তে তার বক্তব্য জানা যায়নি।

বন বিভাগের সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার দুপুরে বন বিভাগের সমনভাগ বিটের দলছড়া ও মাখালজুড়া এলাকার বনাঞ্চলে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। ধারণা করা হয় প্রভাবশালীদের ছত্রছায়ায় আসাধু চক্র বনভূমি জবর দখলের উদ্দেশ্যে জঙ্গলে অগ্নিসংযোগ করেছে। দুর্বৃত্তের আগুনে বনের কয়েক হেক্টরের ঝোপঝাড় ও গাছপালা পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে বনবিভাগের লোকজন দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিভিয়েছেন। বনাঞ্চল পুড়িয়ে দেওয়ার ঘটনায় শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় বন বিভাগের সমনবাগ বিট কর্মকর্তা নুরুল ইসলাম বড়লেখা থানায় সাধারণ ডায়রি করেছেন।

বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, পাথারিয়া সংরক্ষিত বনে আগুন লাগার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আলাপকালে বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস বলেন, ‘পাথারিয়ার বন এলাকায় দীর্ঘদিন থেকে বন বিভাগের তৎপরতার কারণে গাছ চোরচক্র গাছ-বাঁশ ইত্যাদি চুরি করতে পারছে না। তারা নানাভাবে বন ক্ষতিগ্রস্ত করার চেষ্ট করতো। আমাদের কঠোর ভূমিকার কারণে তারা গাছ-বাঁশ চুরি করতে ব্যর্থ হতো। হয়তো সেই ক্ষোভে থেকে গাছ চোর চক্রের লোকজন বনের ভেতরে আগুন দিয়েছে। এখানে মাত্র ২ হেক্টর বন পুড়েছে। ৪০ হেক্টর জায়গার বন আগুনে পুড়ে যাওয়ার যে কথা বলা হচ্ছে তা সঠিক নয়। খবর পেয়ে আমরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হই। একটি চক্র বন বিভাগের ভাবমূর্তি ক্ষুন্ন করতে গণমাধ্যমকে ভুল তথ্য দিয়েছে।’

শেখর রঞ্জন দাস আরও বলেন, ‘আগুনের ঘটনা তদন্তে গঠিত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে এটা দুর্বৃত্তের দেওয়া আগুন মনে হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.