Sylhet Today 24 PRINT

হাতি আর হেলিকপ্টারে করে বিয়ে

জগন্নাথপুর প্রতিনিধি  |  ১৯ মার্চ, ২০২৩

ছোট ছেলেমেয়েদের ইচ্ছে ছিল মামার বিয়ে হবে হাতি-ঘোড়া আর হেলিকপ্টারে করে। নাতি-নাতনির সেই ইচ্ছে পূরণ করলেন নানা শাহ সিরাজুল ইসলাম। শনিবার (১৮ মার্চ)  বিকেলে সিলেট থেকে হেলিকপ্টার ও হাতির পিঠে করে বর-বউ সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার লুদুরপুর এলাকায় এসেছেন।

ছেলের বিয়েতে ব্যতিক্রম এ আয়োজন করেন লুদুরপুর এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী শাহ সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘তিন সপ্তাহ আগে যুক্তরাজ্যে আমার বড় ছেলে শাহ সামছুল ইসলামের সঙ্গে পাকিস্তানি বংশোদ্ভূত হোসেন মিয়ার মেয়ে মনিশা হোসেনের বিয়ে হয়। কিন্তু নাতি-নাতনিদের স্বপ্ন পূরণে দেশে এসে বিয়ের আনুষ্ঠানিকতার এ আয়োজন করি।

এ আয়োজনে অংশ নিতে ৭ মার্চ সপরিবারে ওই প্রবাসীর তিন ছেলে ও তিন মেয়েসহ পরিবারের সবাই দেশে আসেন। শনিবার বিকেল তাদের সিলেটের বাসায় থেকে নিজ গ্রামের বাড়ি জগন্নাথপুরে হেলিকপ্টারে চড়ে আসেন। পরে গ্রামের রাস্তায় বাড়ি যান হাতির পিঠে চড়ে। ব্যতিক্রম এ আয়োজন দেখতে এলাকায় শত শত উৎসুক নারী-পুরুষ ভিড় জমান।

যুক্তরাজ্য প্রবাসী শাহ সিরাজুল ইসলাম বলেন, ‘নাতি-নাতনিদের স্বপ্ন পূরণে ছেলের বিয়ের এমন আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পেরে আমি খুবই আনন্দিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.