Sylhet Today 24 PRINT

নগরে বিদ্যুৎস্পৃষ্ট ২ নির্মাণশ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক |  ২০ মার্চ, ২০২৩

সিলেট নগরে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে নগরের সবুজবাগ এলাকায় একটি ভবনের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সবুজবাগ আবাসিক এলাকার ১নং রোডের ৭/বি নং বাসায় ভবন নির্মাণের কাজ চলছে। আজ সকালে ওই ভবনে কাজ করতে গিয়ে এ দুই নির্মাণশ্রমিক প্রাণ হারান।

নিহতরা হলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলার বিয়াবাইলের জাহিদ (২৭) ও বিয়ানীবাজার উপজেলার গোলঘাটের সাদিক (২৫)।

জানা যায়, ভবনের বেইসের ঢালাইয়ের জন্য খুড়া গর্তে বৃষ্টির পানি জমে যায়। সকালে এ দুই শ্রমিক পানি নিষ্কাশনে মাঠ পাম্প ব্যবহার করার চেষ্টা করেন। পানিতে পাম্প রেখে বিদ্যুতের সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। অন্যান্য শ্রমিকরা তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘সবুজবাগের ওই ভবনে পাম্প ব্যবহার করে পানি নিষ্কাশনের চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক মারা গেছেন। বৈদ্যুতিক লাইনে সম্ভবত লিক ছিল, ফলে এ ঘটনা ঘটেছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.