জৈন্তাপুর প্রতিনিধি | ২০ মার্চ, ২০২৩
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, সরকার দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে কৃষকদের কল্যাণে এগিয়ে এসেছে। এই সরকার কৃষিবান্ধব সরকার। প্রধানমন্ত্রী তিনি নিজেই গণভবনে কৃষি উৎপাদন কাজে এগিয়ে এসেছেন।
তিনি বলেন, দেশের কৃষি ব্যবস্থার উন্নয়নে সরকার নানা প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার, বীজ দিয়ে সহায়তা করা হচ্ছে। সরকার কৃষি উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করায় দেশ আজ খাদ্য উৎপাদনে এগিয়ে যাচ্ছে।
মন্ত্রী আরও বলেন, বসতবাড়ির আঙিনায় শাক-সবজি উৎপাদন ও চাষাবাদ কাজে আমাদেরকে এগিয়ে আসতে হবে। তিনি প্রান্তিক কৃষকদের উৎপাদনমুখি ও কৃষিকাজে আরও এগিয়ে আসার জন্য পরামর্শ দিয়ে সহায়তা করতে কৃষি কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টায় জৈন্তাপুর উপজেলায় কৃষি সমাবেশ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবী, সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) আব্দুল করিম, জৈন্তাপুর ইউ/পি চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউ/পি চেয়ারম্যান সুলতান করিম, ফতেপুর ইউ/পি চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউ/পি চেয়ারম্যান কামরুজ্জমান চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খায়রুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, উপজেলা কৃষকলীগ যুগ্ম আহবায়ক কয়ছর আহমদ।
চলতি অর্থবছরের খরিফ মৌসুমে আউস ধানের বীজ ও প্রণোদনা কার্যক্রমের অংশ হিসাবে বিনামুল্যে ২২ শত কৃষক এবং উপজেলা পরিষদ থেকে আর ৪ শত কৃষকদের মাঝে বিনা মুল্যে বীজ, সার বিতরণ করা হয়েছে।
প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি সকাল সাড়ে ৯টায় উপজেলার ফতেপুর (হরিপুর) নবনির্মিত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র উদ্বোধন করেন। এসময় মন্ত্রীকে স্বাগত জানান জৈন্তাপুর আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরজাহান বেগম হাসি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থ, ফতেপুর স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রদীপ কুমার দাশ, পরিবারকল্যাণ পরিদর্শিকা বীথি দাশ ও মো. জসীম উদ্দীন, পরিবারকল্যাণ সহকারীসহ কর্মকর্তাবৃন্দ।