Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ডাকাত সর্দার বাবুল গ্রেপ্তার

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৮ মার্চ, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াছিন আলী বাবুল (৪৫) নামের এক ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ১১টায় উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইয়াছিন আলী একই এলাকার মৃত মর্তুজ আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাকসহ পুলিশের একটি দল উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ এলাকায় আন্ত: বিভাগীয় ডাকাত সর্দার কালা বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ডাকাত সর্দারের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ১১টি মামলা রয়েছে। এর মধ্যে কমলগঞ্জ থানায় ২টি, সিলেটের মোগলাবাজার থানায় ২টি, শ্রীমঙ্গল থানায় ২টি, শায়েস্তাগঞ্জ থানায় ২টি, নবীগঞ্জ থানায় ১টি, কুলাউড়া থানায় ১টি ও রাজনগর থানায় ১টি মামলা রয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি ডাকাত সর্দার ইয়াছিন আলী বাবুলকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.