নিজস্ব প্রতিবেদক | ০২ জানুয়ারী, ২০১৬
সদ্য সমাপ্ত কানাইঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নিজাম আল মিজানের বিরুদ্ধে ব্যাপক ভোট ডাকাতি, কেন্দ্র দখল ও অনিয়মের অভিযোগ তোলে পুনঃ ভোট গ্রহণের দাবি তুলেছেন নির্বাচনে হেরে যাওয়া আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী লুৎফুর রহমান।
আজ শনিবার (২ জানুয়ারি) সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ তোলে ধরেন।
লুৎফুর বলেন, "নিজাম আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে পরিচিতি পেলেও তিনি আসলে বিএনপি জামায়াত জোটের দোসর ও রাজনৈতিক ভাবে তিনি বিএনপি পরিবারের লোক। বিগত উপজেলা নির্বাচনের পরে তিনি আর কানাইঘাটে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না। কাজেই তিনি আওয়ামীলীগের কেউ নন।"
তিনি অভিযোগ করে বলেন, "নিজামের ইন্ধনে নির্বাচনের দিন বিএনপি- জামায়াতের সশস্ত্র সন্ত্রাসীরা দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রামপুর পৌর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ২টি দখল করে নেয়।"
তিনি বলেন, "কেন্দ্র দুটিতে ৯৫৩ জন আওয়ামীলীগের ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। সশস্ত্র সন্ত্রাসীরা ভোটের দিন রামপুর পৌর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩টি ব্যালট বই ছিনিয়ে নিয়েছিল অথচ আমি মাত্র ১৭৮ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছি। কাজেই কেন্দ্র ২টিতে পুনঃ ভোট গ্রহণ করা হলে আমি নিঃসন্দেহে বিজয়ী হবো।"
এ সময়ে তিনি জানান, কানাইঘাট পৌরসভার নির্বাচনে কেন্দ্র দখল ও ৩টি ব্যালট বই ছিনতাইয়ের অভিযোগে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার প্রদীপ কুমার বাদী হয়ে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নাম্বার ২৪/২৬৭।
তিনি জানান আমি এই ২টি কেন্দ্রের ব্যাপারে রিটার্নিং অফিসার খালেদুর রহমানের কাছে আবেদন করি, কিন্তু তিনি তা অজ্ঞাত কারণে আমলে না নিয়ে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
তাঁর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে তিনি জানান আমি নির্বাচন কমিশনের আপিল কর্তৃপক্ষের কাছে আবেদন করবো। আমার দৃঢ় বিশ্বাস আপিলের মাধমে আমার বিজয় নিশ্চিত হবে।
সংবাদ সম্মেলনে তাঁর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ডের সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন, বড় চতুল ইউপি চেয়ারম্যান মোবশ্বির আলী, বড় চতুল ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহিম, পৌর আওয়ামীলীগের আহবায়ক জামাল উদ্দিন, পৌর যুবলীগের আহবায়ক এনামুল হক প্রমুখ।