নিজস্ব প্রতিবেদক | ০২ জানুয়ারী, ২০১৬
অবশেষে সিলেট প্রেসক্লাবে টানানো হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। আজ শনিবার দুপুরে নতুন কমিটির নেতৃবৃন্দরা প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানান। এতোদিন সিলেট প্রেসক্লাবে বঙ্গবন্ধুর কোন ছবি ছিল না।
জানা যায়, গত ২৬ ডিসেম্বর ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভায় সদস্যরা প্রেসক্লাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর দাবি জানান। এ প্রসঙ্গে আলোচনায় অংশ নিয়ে বেশ ক’জন সিনিয়র সদস্য বঙ্গবন্ধুর ছবি তোলার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে বলে উল্লেখ করেন। পরবর্তী কমিটি এ বিষয়ে উদ্যোগ নেবেন বলে সাধারণ সভায় সিদ্ধান্ত হয়।
গত ৩১ ডিসেম্বর ইকরামুল কবির ইকু ও আব্দুর রশীদ রেনুর নেতৃত্বে প্রেসক্লাবের নুতন কমিটি দায়িত্ব নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান। আজ তারা ক্লাবে গিয়ে প্রথমেই বঙ্গবন্ধুর ছবি টানান।
এতে সিলেট প্রেসক্লাবের সদস্যরা গ্লানি থেকে রেহাই পেয়েছেন বলে জানিয়েছেন ক্লাবের অনেক সদস্য।
এ বিষয়ে সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক ইকু বলেন, সাধারণ সভায় সদস্যদের দাবির প্রেক্ষিতে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ছবি টানানো হয়েছে।
উল্লেখ্য, অতীতে প্রগতিশীল ও আওয়ামী লীগের ঘনিষ্ট হিসেবে পরিচিত দায়িত্বশীল সাংবাদিকরা সিলেট প্রেসক্লাবের নেতৃত্বে থাকলেও এ বিষয়ে কোন উদ্যোগ নেননি।
শনিবার ছবি উত্তোলনকালে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সহ-সভাপতি মোহাম্মদ আমজাদ হোসাইন, সহ-সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সহ-সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, সদস্য কাউসার চৌধুরী প্রমুখ।