Sylhet Today 24 PRINT

সিলেট সিটি করপোরেশন নির্বাচন ২১ জুন

নিজস্ব প্রতিবেদক |  ০৩ এপ্রিল, ২০২৩

সিলেট সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের ভোটের তারিখ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গাজীপুর সিটি করপোরেশনে ভোট হবে আগামী ২৫ মে, খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে হবে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে হবে ২১ জুন।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম নির্বাচন ভবনে এ তথ্য জানান। তিনি জানান, গাজীপুর সিটি করপোরেশনে ভোট হবে আগামী ২৫ মে, খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে হবে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে হবে ২১ জুন।

সব সিটির ভোটই ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে হবে বলে জানান ইসি সচিব।

ইসি সূত্রে জানা যায়, সবশেষ ২০১৮ সালের ২৭ জুন গাজীপুর সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হয়। এরপর নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ওই বছরের ১১ সেপ্টেম্বর। পরবর্তীকালে সাধারণ নির্বাচনের সময় গণনা শুরু হয় ২০২৩ সালের ১১ মার্চ থেকে।

এদিকে, রাজশাহী সিটি করপোরেশনে সর্বশেষ ২০১৮ সালের ২৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়। আর খুলনা সিটির সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ৩০ জুলাই। এই দুই সিটিতেই নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ১১ অক্টোবর।

অন্যদিকে, ২০১৮ সালের ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ওই বছরের ৭ নভেম্বর।

এছাড়া, বরিশাল সিটি করপোরেশনে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ জুলাই। আর নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ওই বছরের ১৪ নভেম্বর।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.