নিজস্ব প্রতিবেদক | ০৩ এপ্রিল, ২০২৩
সিলেট সিটি করপোরেশন এলাকায় বসবাসরত দরিদ্র বস্তিবাসী জনগোষ্ঠীর নিরাপদ ইফতার ও জনস্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ এপ্রিল) সকালে সিলেটের একটি অভিজাত হোটেলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রধান অতিথি ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।
তিনি বলেন, প্রচলিত নিরাপদ খাদ্য ধারণা থেকে বের হয়ে কাজ করতে হবে। সংস্কৃতির আচারের সাথে নিরাপদ খাদ্যের বিষয়টি সংযুক্ত করতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা ছাড়া সম্ভাবনা না। দায়বদ্ধতা নিশ্চিত করতে পারলে বাংলাদেশে নিরাপদ খাদ্যের পরিবেশ তৈরি হবে।
সকাল ১১টায় শুরু হওয়া এ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল চিত্রনায়কের ফেরদৌসের উপস্থিতি।
তিনি বলেন, কাজের সাথে সম্পৃক্ত সবারই দায়িত্ব নিতে হবে। দায়িত্বটা সবাই সবাইকে জানিয়ে দিতে হবে। পুরো সিলেটের সবখানে ছড়িয়ে দিতে হবে। আমাদের নৈতিকতাকে শিক্ষিত করতে হবে। আমাদের বোধকে শিক্ষিত করতে হবে। দায়বদ্ধতা জাগাতে হবে। পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর নিরাপদ খাদ্যের পরিবেশ পাবে। এবং সেটা এই সিলেট থেকেই উদাহরণ তৈরি করতে হবে।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব জনাব আব্দুন নাসের খান। তিনি নিরাপদ খাদ্য নিশ্চিতে ব্যবসায়ীসহ অন্যান্য প্রতিনিধিদের সম্পৃক্ততা কামনা করেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, সিলেট সিটি কর্পোরেশন এবং মো. আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ।
সেমিনারে ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।