Sylhet Today 24 PRINT

ঝড়-শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুড়ী প্রতিনিধি |  ০৩ এপ্রিল, ২০২৩

মৌলভীবাজারের জুড়ীতে শিলাবৃষ্টি ও ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টিতে কৃষকের বোরো ধানের পাশাপাশি বাড়িতে চাষকৃত বিভিন্ন সবজির ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ঝড়ে অনেকের বাড়ির চাউনি উড়িয়ে নিয়ে গেছে। গাছপালা পড়ে বন্ধ করেছিল রাস্তাঘাট।

সোমবার ভোররাতে আড়াইটার দিকে জুড়ীতে ব্যাপক ঝড় ও শিলাবৃষ্টি হয়। এতে উপজেলার ৬ টি ইউনিয়নের মধ্যে কয়েকটি এলাকায় বেশী ক্ষতি হয়েছে। বোরো ধানের কৃষকের ক্ষতির পরিমাণ বেশী। ঝড়ে কয়েকটির বাড়ি ও দোকানের চাউনি উড়িয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে।

নওয়াবাজারের একটি মিষ্টির দোকানের চাউনি উড়িয়ে নিয়ে যায়।জায়ফর নগর ইউনিয়নের মনতৈল গ্রামের একটি পরিবারের টিনের চাউনি উড়িয়ে নিলে তারা অন্যত্র আশ্রয় নেন। রিক্সাচালক খলিল মিয়া বর্তমানে পরিবার নিয়ে পাশের একটি ঘরে আশ্রয় নিয়েছেন। পূর্বজুড়ীর বড়ধামাই নামক স্থানে রাস্তায় একটি বড় গাছ পড়ে রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়। সকালে গাছ কেটে রাস্তা চলাচলের উপযোগী করা হয়। ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টিতে আতংকিত ছিলেন অনেকে।কয়েকজন বৃদ্ধ জানান,এ ধরনের শিলাবৃষ্টি অতীতে দেখেন নি। বড় বড় শিলা পড়েছে আকাশ থেকে।

কৃষক খোর্শেদ আলম বলেন, শিলাবৃষ্টির জন্য সব শেষ। আমার হলুদ তরমুজের চাষে আনুমানিক ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে। কমলা, বাতাবিলেবু, আদালেবু ও কাঠাল সহ নানান ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

সাগরনাল ইউনিয়ন পরিষদের সদস্য সানাউল ইসলাম চৌধুরী শাওন জানান, ঝড় ও শিলাবৃষ্টিতে  গরিব মানুষেরা বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের পরে কয়েকটি বাড়িতে গিয়ে দেখে এসেছি, যাদের পুরনো টিনের চাউনি ছিল শিলাবৃষ্টিতে তাদের টিনে বড় ছিদ্র হয়েছে। অনেকের টিনের ছাউনি তোফানে নিয়ে অন্যত্র ফেলেছে। কয়েকটি পরিবারের মানুষ একবারে অসহায় হয়ে পড়েছে।

জায়ফর নগর ইউনিয়নের সদস্য জাকির হোসেন মনির জানান, রাতের শিলাবর্ষণের কারণে ক্ষেতের ধান, গম, ভুট্টা, সবজি, আম ও লিচুর ক্ষতির হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.