Sylhet Today 24 PRINT

পুলিশের পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, বাইক আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক |  ০৬ এপ্রিল, ২০২৩

সিলেটে ট্রাক ও পুলিশের পিকআপে সংঘর্ষে ট্রাকের পেছনে থাকা একটি মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের গোয়াইনঘাট থানাধীন মিত্রিমহল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী পুলক রায় সিলেটের শিববাড়ি এলাকার গোপাল রায়ের ছেলে। এ দুর্ঘটনায় পুলিশসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক জানান- বুধবার রাতে কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী পুলিশের একটি পিকআপ সিলেট-ভোলাগঞ্জ সড়কের টহল দিচ্ছিলো।  রাত ১০ টার দিকে  গোয়াইনঘাট থানাধীন মিত্রিমহল এলাকার ১০ নম্বর ব্রিজের উত্তর পাশে ওই পিকআপ পৌঁছলে সিলেট থেকে কোম্পানীগঞ্জগামী নাম্বারবিহীন বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের পিছনে থাকা রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলে থাকা তিনজন ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক পুলক মারা যান।

এ ঘটনায় মোটরসাইকেলের বাকি দুই আরোহী ও পুলিশ পিকআপের চালক এবং কয়েকজন পুলিশ আহত হন।

খবর পেয়ে জেলা পুলিশের এএসপি শেখ মুহাম্মদ সেলিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তবে ঘটনার পরপরই বেপরোয়া ট্রাকচালক পালিয়ে যান চািয়ে শামল বনিক বলেন, তাকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.