Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ধানক্ষেত থেকে পাথর শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: |  ০৬ এপ্রিল, ২০২৩

জৈন্তাপুর উপজেলার ১নং লক্ষীপুর প্রথম খন্ড এলাকার একটি ধানক্ষেত সংলগ্ন নালা থেকে আসামপাড়া গুচ্ছগ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী (৩৫) নামের এক পাথর শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

বৃস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধ গলিত অবস্থায় এই লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মোহাম্মদ আলী কুষ্টিয়া জেলার বাসিন্দা। তার পিতার নাম দুখু ফকির।

তিনি দীর্ঘদিন থেকে জৈন্তাপুর ইউনিয়নের গুচ্ছগ্রামে স্থানীয় এক মহিলাকে বিয়ে করে বসবাস করছিলেন। ৩ সন্তানের জনক মোহাম্মদ আলী পেশায় পাথর শ্রমিক ছিলেন।

প্রথমে স্থানীয় এক নারী ঘাস আনতে গিয়ে জমির নালার পানিতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে এলাকার লোকজনকে জানান।

স্থানীরা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

প্রথমে লাশ সনাক্ত করা সম্ভব হয়নি। পরে থানায় নিয়ে যাওয়ার পর লাশটি সনাক্ত করা হয়।

খবর পেয়ে ঘটনাস্হলে ছুটে যান সিনিয়র সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) মো. আবদুল করিম, জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. আব্দুর রব, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলামসহ জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল।

পরিবারের লোকজন জানিয়েছেন, মোহাম্মদ আলী গত ৩ থেকে ৪ দিন ধরে নিখোঁজ ছিলেন।

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. আব্দুর রব বাংলাবাজার এলাকা থেকে লাশ উদ্ধারের কথা স্বীকার করে বলেন, নিহতের আত্মীয় স্বজন থানায় এসেছেন। এই ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.