Sylhet Today 24 PRINT

অধ্যাপক জাকিরের পক্ষে মনোনয়ন পত্র কিনলেন দিপন

সিলেটটুডে ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০২৩

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থী অধ্যাপক জাকির হোসেনের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করেছেন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গোলাম সোবহান চৌধুরী দিপন।

রোববার সকালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয় থেকে তিনি মনোনয়ন পত্র ক্রয় করেন।

রোববার (৯ এপ্রিল) সকাল থেকে সিলেট, গাজীপুর, বরিশাল, খুলনা এবং রাজশাহী সিটি কর্পোরেশন ও পাঁচ পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করে আওয়ামী লীগ। সকালে ধানমন্ডির কার্যালয়ে এ কার্যক্রম শুরু করেন দলের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

রোববার সকাল ১১টায় রজধানীর ধানমন্ডিস্থ দলের সভাপতির কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে গোলাম সোবহান চৌধুরী দিপন জানান, সাবেক ছাত্রনেতা ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। বর্তমানে যুক্তরাজ্য সফররত অধ্যাপক জাকির হোসেন আগামীকাল সোমবার দুপুরের ফ্লাইটে সিলেটে এসে পৌঁছাবেন।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন, ১২ জুন বরিশাল এবং খুলনা সিটি কর্পোরেশন এবং ২১ জুন সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.