Sylhet Today 24 PRINT

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতির পদ থেকে লিটনকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক |  ০৯ এপ্রিল, ২০২৩

নারী নিপীড়নের অভিযোগ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতির পদ থেকে আমিনুল ইসলাম চৌধুরী লিটনকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বাতিল করা হয়েছে দ্বৈতস্বরের প্রতিনিধি হিসেবে পাওয়া তার জোটের প্রতিনিধি পরিষদের সদস্য পদ।
 
শনিবার (৮ এপ্রিল) রাতে জোটের কার্যালয়ে অনুষ্ঠিত সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের কার্যনির্বাহী পরিষদের জরুরী সভায় সর্বসম্মতিক্রমে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জোটের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম সেলিম এবং সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্ত্তী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সহসভাপতি শামসুল আলম সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভার গৃহীত সিদ্ধান্তে বলা হয়, কয়েকদিন আগে আমিনুল ইসলাম চৌধুরী লিটনের বিরুদ্ধে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুতর কিছু অভিযোগ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে তাকে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতির দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়। পরবর্তী সময়ে পরিস্থিতি ও পর্যবেক্ষণে স্পষ্টত প্রতীয়মান হয় যে, কোনোভাবেই তার জোটের সঙ্গে সম্পৃক্ত থাকার সুযোগ নেই।

তাই জোটের কার্যনির্বাহী পরিষদ আমিনুল ইসলাম চৌধুরী লিটনকে সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান ও প্রতিনিধি পরিষদের সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন থেকে তিনি আর সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের কেউ নন।

সভায় সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সহসভাপতি শামসুল আলম সেলিমকে জোটের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান  করা হয়।

প্রসঙ্গত, আমিনুল ইসলাম লিটনের বিরুদ্ধে সম্প্রতি অবমাননকার মন্তব্যের অভিযোগ তুলেন তার থিয়াটারেরই এক নারী কর্মী। এনিয়ে আলোচনার মধ্যে আরও কয়েকজন নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটনের বিরুদ্ধে হেনস্তা ও নিপীড়নের অভিযোগ আনেন। এরমধ্যে কয়েকজন শিশু বয়সে নিপীড়িত হওয়ারও অভিযোগ তুলেছেন।

এরমধ্যে দুটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেগুলো আমিনুল ইসলাম লিটনের সাথে ভুক্তভোগী দুই তরুণীর আলাপ বলে দাবি করা হচ্ছে। ছড়িয়ে পড়া অডিও ক্লিপে পুরুষ কণ্ঠে নিপীড়নের দায় স্বীকার করে ক্ষমা চাইতে শোনা যায়।

যদিও রোববার এক ফেসবুক পোস্ট আমিনুল ইসলাম লিটন এসব অভিযোগ মিথ্যে ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন। একই সঙ্গে ছড়িয়ে পড়া অডিও ক্লিপ তার নয় দাবি করে বলেছেন, এগুলো তার কণ্ঠের মতো করে এডিট করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.