Sylhet Today 24 PRINT

সাংবাদিক হাসান শাহরিয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১০ এপ্রিল, ২০২৩

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক সুনামগঞ্জের কৃতী সন্তান হাসান শাহরিয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ সোমবার।

২০২১ সালের ১০ এপ্রিল তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। পারিবারিকভাবে ঘরোয়া পরিবেশে তার মৃত্যুবার্ষিকী পালন করা হবে। এ উপলক্ষে রাজধানীর সেগুন বাগিচার অ্যাপার্টমেন্ট ও সুনামগঞ্জের হাছননগরের বাসভবনে আজ সোমবার কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

হাসান শাহরিয়ার সুনামগঞ্জ থেকেই তার সাংবাদিকতা জীবনের শুরু করেন। তিনি সুনামগঞ্জে তৎকালীন দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা ও কচিকাঁচা মেলার সংগঠক ছিলেন।

১৯৬৪ সালে তিনি করাচিতে চলে যান এবং সাংবাদিকতায় আত্মনিয়োগ করেন। সেই সাথে করাচি বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় বিএ অনার্স ও এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি করাচির বিখ্যাত দৈনিক ডন পত্রিকার সিনিয়র রিপোর্টার ছিলেন।

হাসান শাহরিয়ার মধ্যপ্রাচ্যের “খালিজ টাইমস”, ভারতের “ডেকান হেরাল্ড” পত্রিকা ও মার্কিন যুক্তরাষ্ট্রের “নিউজ উইক”-এর প্রতিনিধি ছিলেন। তিনি ঢাকার দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি করাচি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ বৈদেশিক সাংবাদিক সংস্থা “ওকার” এবং ঢাকা জাতীয় প্রেসক্লাবের সভাপতি ছিলেন।

হাসান শাহরিয়ার কমনওয়েলথ প্রেস ইউনিয়ন ‘সি.জে.এ’ কেন্দ্রীয় সভাপতি ছিলেন। সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য বাংলা একাডেমি তাকে ফেলোশিপ প্রদান করে। তিনি ‘অতীত অতীত নয়’, ‘শেষ ভাল যার সব ভাল তার’, ‘যারে দেখতে নারি তার চলন বাঁকা’ এবং ‘নিউজ উইক-এ বাংলাদেশ মুক্তিযুদ্ধ, বিজয় এবং অতঃপর’ শীর্ষক বই লিখেছেন। তিনি বাংলা ও ইংরেজি ভাষায় সাংবাদিকতায় দক্ষ ও পারদর্শী ছিলেন।

তার মৃত্যুতে মহান জাতীয় সংসদে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং বাংলাদেশ প্রেস কাউন্সিল তাকে মরণোত্তর সম্মাননা প্রদান করেছে। তিনি সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ও সুনামগঞ্জ শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির আজীবন সদস্য ছিলেন।

হাসান শাহরিয়ার প্রখ্যাত পথিকৃৎ সাংবাদিক ও রাজনীতিবিদ মকবুল হোসেন চৌধুরীর কনিষ্ঠ পুত্র এবং কলামিস্ট হোসেন তওফিক চৌধুরীর অনুজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.