Sylhet Today 24 PRINT

দুলাল নাথ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফারুক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১২ এপ্রিল, ২০২৩

সিলেটের বালাগঞ্জে নৃশংস দুলাল নাথ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফারুক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার (১০ এপ্রিল) বালাগঞ্জ থানা পুলিশ তাকে নবীনগর এলাকা হতে গ্রেপ্তার করে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিলেট জেলা পুলিশ।

জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ এপ্রিল রাতে বালাগঞ্জ থানা পুলিশ কর্তৃক নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফারুক মিয়া (৪৮), পিতা মৃত জবান উল্যা, সাং চাঁনপুর, থানা বালাগঞ্জ, জেলা সিলেটকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিগত ৮ ডিসেম্বর ২০০০ তারিখ সন্ধ্যায় দুলাল নাথ (৬৫) বালাগঞ্জ বাজার হতে বাজার শেষে বাড়ি ফেরার পথে বালাগঞ্জ-তাজপুর সড়কের নবীনগরে পৌঁছামাত্র আসামি ফারুক মিয়া দা দিয়ে কুপিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ভিকটিমকে উদ্ধার করে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-০৪, তারিখ-০৮-১২-২০০০। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচারিক কাজ শেষে আদালত আসামি ফারুক মিয়াকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.